২৯ অক্টোবর ২০২৬
preview
দীর্ঘ ১৯ বছর পর চাকরিতে ফিরলেন ২৪৬ পুলিশ কর্মকর্তা

মো. নূর নবী শেখ

দীর্ঘ ১৯ বছরের অপেক্ষা, আইনি লড়াই ও অনিশ্চয়তা পেরিয়ে আবারও ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষ করে পুলিশের দায়িত্ব পালনে ফিরছেন চাকরিচ্যুত ২৪৬ কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে দেশের বিভিন্ন কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন তারা।

প্রশিক্ষণ শেষে কর্মজীবনে ফেরার এই মুহূর্তে পুলিশ একাডেমিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর পুলিশের পোশাক পরে আবারও দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন কর্মকর্তারা। তাদের অনেকের চোখে ছিল দীর্ঘ সংগ্রামের অবসানের আবেগ।

চাকরিতে ফেরার অনুভূতি জানাতে গিয়ে কর্মকর্তারা জানান, দীর্ঘ ১৯ বছর তাদের পরিবার-পরিজনকে নিয়ে অনিশ্চয়তা, আর্থিক সংকট ও সামাজিক নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। একপর্যায়ে চাকরিতে ফেরার আশাও প্রায় ছেড়ে দিয়েছিলেন তারা।

কর্মকর্তারা আরও জানান, আবারও পুলিশের পোশাক পরতে পারা এবং দেশের সেবায় কাজ করার সুযোগ পাওয়া তাদের কাছে নতুন করে জীবন ফিরে পাওয়ার মতো। দীর্ঘ অপেক্ষার পর এই প্রত্যাবর্তন তাদের জন্য গভীর আবেগ ও স্বস্তির।

প্রশিক্ষক কর্মকর্তারা জানান, দীর্ঘ প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে চাকরি ফিরে পাওয়ার পর ছয় মাসের প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়িয়েছে। অতীতের প্রতিকূলতা পেছনে ফেলে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে চান তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৬ সালে নিয়োগ পাওয়া ২৭তম ব্যাচের ১২০ জন সার্জেন্ট এবং ৪৩তম ব্যাচের ২০৭ জন সাব-ইন্সপেক্টরকে ২০০৭ সালের ১৬ মার্চ চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতির সিদ্ধান্তের পর দীর্ঘদিন ধরে তারা আইনি লড়াই চালিয়ে যান। প্রায় ১৯ বছর পর তাদের চাকরিতে পুনর্বহালের পথ তৈরি হয়।

এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ২০ এপ্রিল ৮৪ জন সার্জেন্ট ও পাঁচ নারীসহ ১৬২ জন সাব-ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ নিতে যোগ দেন। প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার ২৪৬ কর্মকর্তা তাদের নির্ধারিত কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশে একাডেমি ত্যাগ করেন।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com