৩০ অক্টোবর ২০২৬
preview
সাই পল্লবীর গোপন বিয়ের গুঞ্জন, মুখ খুললেন অভিনেত্রী

মো. নূর নবী শেখ


দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে ঘিরে একসময় ছড়িয়ে পড়েছিল গোপনে বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে কম আলোচনা হয়নি। তবে এবার সেই গুঞ্জনের পেছনের আসল ঘটনা নিজেই জানালেন অভিনেত্রী। বোন পূজার বিয়ের পোশাক কেনাকাটা করতে গিয়েই এমন বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি জনপ্রিয় টক শো ‘জয়ম্মু নিশ্চয়মু রা’-এর দ্বিতীয় সিজনে অতিথি হিসেবে উপস্থিত হন সাই পল্লবী। সেখানে নিজের ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সময় গোপন বিয়ের গুঞ্জন নিয়েও কথা বলেন ‘রামায়ণ’ সিনেমার সীতা চরিত্রে অভিনয় করা এই তারকা।

সাই পল্লবী জানান, ‘রামায়ণ’-এর শুটিং শেষ করে তিনি বোন পূজার বিয়ের কেনাকাটা করতে বের হতেন। দোকানে গিয়ে বিয়ের বিভিন্ন পোশাক ও লেহঙ্গা দেখার পাশাপাশি নিজেও সেগুলো পরে দেখতেন। আর এতেই তৈরি হয় ভুল বোঝাবুঝি।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষও ভাবতে শুরু করেন, তিনি হয়তো নিজের বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। সেখান থেকেই তাঁর গোপনে বিয়ে করার গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে পরে তাঁকে আড়ালে পোশাক পরখ করতে হতো।

অনুষ্ঠানে বোন পূজার বিয়ের স্মৃতিও তুলে ধরেন সাই পল্লবী। পূজা অস্ট্রেলিয়ায় থাকায় বিয়ের মাত্র ১০ দিন আগে ভারতে ফিরতে পেরেছিলেন। ফলে বিয়ের আয়োজনের প্রায় সব দায়িত্বই সামলাতে হয়েছিল অভিনেত্রীকে।

বিয়ের সাজসজ্জা থেকে শুরু করে শাড়ি কেনাকাটা এবং পারিবারিক নানা বিষয় সামলানো—সবকিছুতেই বোনের পাশে ছিলেন সাই পল্লবী। অনুষ্ঠানে পূজার একটি ধারণকৃত ভিডিও বার্তাও দেখানো হয়।

বোনকে বিদায় জানানোর মুহূর্তের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। টক শোতেও সেই স্মৃতি মনে করে তাঁর আবেগ প্রকাশ পায়।



ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com