মো. নূর নবী শেখ
টাঙ্গাইলের ধনবাড়ীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ কোরবান আলীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ধনবাড়ী বিএনপির সভাপতি এস এম এ ছোবহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান এবং প্রেসক্লাবের কার্যকরী সদস্য মো. পলাশ ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জন, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে উপজেলার ১০ জন উদ্যোক্তার মাঝে মোট ৯ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন উদ্যোক্তাকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com