মো. নূর নবী শেখ
এই প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও নাজনীন নীহা। পর্দায় এই জুটির একসঙ্গে কাজের সংখ্যা খুব বেশি না হলেও প্রতিটি নাটকেই দর্শকের ভালোবাসা পেয়েছেন তারা। ‘আমার প্রথম প্রেমিকা’, ‘উইশ কার্ড’ ও ‘অবুঝ পাখি’র মতো নাটকের পর এবার নতুন করে আলোচনায় এসেছে তাদের অভিনীত ‘মনের মতো মন’। ইউটিউবে প্রকাশের অল্প সময়ের মধ্যেই নাটকটি দুই কোটির বেশি ভিউ অতিক্রম করেছে।
নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। তার নির্মাণে এর আগেও ‘কাবিননামা’ নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছিলেন ইয়াশ রোহান। এবার ‘মনের মতো মন’ দিয়েও সাড়া পাচ্ছেন এই অভিনেতা। নাটকটিতে নাজনীন নীহার সঙ্গে তার রসায়নও দর্শকের ভালো লাগার অন্যতম কারণ হয়ে উঠেছে।
‘মনের মতো মন’ নিয়ে ইয়াশ রোহান বলেন, “রাফাত ভাই ভীষণ যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। তার নির্মিত ‘কাবিননামা’য় অভিনয় করেও অভূতপূর্ব সাড়া পেয়েছি। আবার ‘মনের মতো মন’ নাটকে অভিনয় করেও বেশ সাড়া পাচ্ছি। ‘কাবিননামা’য় আমার সহশিল্পী ছিলেন তটিনী, আর ‘মনের মতো মন’-এ নীহা। নীহা আগের চেয়ে অভিনয়ে অনেক ম্যাচিউরড হয়েছে। যে কারণে তার সঙ্গে অভিনয়টা এখন বেশ জমে। আশা করছি, আমাদের সামনের কাজগুলো আরও ভালো হবে।”
নাটকটি নিয়ে উচ্ছ্বসিত নাজনীন নীহাও। তার ভাষ্য, “মনের মতো মন আমার বেশ ভালো লাগার একটি নাটক। ইয়াশ রোহানের সঙ্গে আগেও বেশ কয়েকটি ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। প্রতিটি নাটকেই অভিনয়ের জন্য দারুণ সাড়া পেয়েছি। ‘মনের মতো মন’ তো অল্প সময়ের মধ্যেই দুই কোটি ভিউ ছাড়িয়ে গেছে। সত্যি বলতে, ভালো গল্পের নাটক যে দর্শক বারবার দেখতে চান, এই নাটক তারই প্রমাণ। এ কারণে অনেক বেশি কাজ করার চেয়ে ভালো গল্পের নাটকে কাজ করতে চাই, হোক তা সংখ্যায় কম।”
নাটকটির সাফল্যে অভিনয়ের পাশাপাশি সংগীতও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এতে এই প্রজন্মের আলোচিত সংগীতশিল্পী সজীব শানের কণ্ঠে ‘উড়ে উড়ে মন’ গানটি শ্রোতা-দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। সব মিলিয়ে ইয়াশ-নীহার পর্দার রসায়ন, নির্মাতার যত্নশীল কাজ এবং শ্রুতিমধুর গান—সবকিছু মিলিয়েই ‘মনের মতো মন’ পেয়েছে দর্শকের ব্যাপক ভালোবাসা।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com