মো. নূর নবী শেখ
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে একই পরিবারের চারজন এবং আরেক পরিবারের তিনজন রয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে। এ ছাড়া একই কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত কোম্পানির স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশু প্রাণ হারিয়েছেন।
কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতদের পরিচয় জানা গেছে।
একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মদিনার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং মরদেহ কবে দেশে পাঠানো হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com