৭ নভেম্বর ২০২৬
preview
দেশে ফিরেই শাকিবের নতুন মিশন ‘নিঃস্ব’

মো. নূর নবী শেখ

ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খান। নানা কাজে খুব কম সময়েই ঢাকায় থাকেন এই অভিনেতা। সম্প্রতি দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষ করে তিনি ঢাকায় ফিরেন। তবে খুব বেশি সময় ঢাকায় থাকতে পারেননি তিনি।

কিছুদিনের বিরতি শেষে আবারও যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাকিব খান। মূলত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতেই পাড়ি জমান তিনি। তবে এবার স্বল্প সময়ের সেই সফর শেষ করে দেশে ফিরছেন এই ঢাকাই সুপারস্টার।

সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে জানা গেছে, শনিবার যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন এই অভিনেতা। ঢাকায় ফিরেই নতুন সিনেমা ‘নিঃস্ব’র কাজ নিয়ে টিমের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। প্রথম দুইদিন শুটিং হবে ঢাকায় এবং পরবর্তীতে পুরো ইউনিট নিয়ে কলকাতায় যাবেন নির্মাতারা। কলকাতায় বেশিরভাগ শুটিং হবে বলে জানা গেছে। সেখানেই ক্যামেরার সামনে দাঁড়াবেন শাকিব।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। তবে সিনেমাটির খলনায়ক চরিত্রে থাকছে বিশেষ চমক। এ চরিত্রে বলিউডের একজন জনপ্রিয় অভিনেতাকে নেওয়ার বিষয়ে আলোচনা এগিয়েছে বলে জানা গেছে। একাধিক সূত্রও জানিয়েছে, সিনেমাটিতে বলিউডের কোনো অভিনেতাকে খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে।

এর আগে সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা থাকলেও এখন সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। ফলে আপাতত ‘নিঃস্ব’ নিয়েই এগোচ্ছেন শাকিব খান।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com