মো. নূর নবী শেখ
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে একজনের সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা জানিয়েছিলেন তিনি। তবে সেই সম্পর্ক প্রেম, বাগদান নাকি বিয়ে—তা স্পষ্ট করেননি। এবার সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফের সামনে তোলা ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী।
আজ রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি শেয়ার করেন নীহা। একটি ছবিতে দেখা যায়, কাবা শরিফের সামনে এক ব্যক্তি তাঁকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। দুজনের মুখই কাবার দিকে থাকায় পেছন থেকে তোলা ছবিতে তাঁদের চেহারা দেখা যায়নি। অন্য ছবিতে দেখা গেছে, দুজনের হাত একে অপরের হাত ধরে রয়েছে। পেছনে দৃশ্যমান পবিত্র কাবা শরিফ।
ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে নিজেদের সম্পর্কের কথা জানান নীহা। তিনি লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তাঁর পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’
ক্যাপশনের শেষেও তাঁদের সম্পর্কের জন্য দোয়া চেয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’
নীহার এই বার্তা থেকে তাঁর বিয়ের ইঙ্গিত পাওয়া গেলেও বিষয়টি নিশ্চিত হতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে নীহার পোস্টের পর তাঁকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন অনুসারীরা। তবে কাকে বিয়ে করেছেন, সেই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। এর আগে এক পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। তবে এ বিষয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি তিনি। এবারও সঙ্গীর পরিচয় নিয়ে নীরব রয়েছেন এই অভিনেত্রী।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com