৯ নভেম্বর ২০২৬
preview
শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মো. নূর নবী শেখ

সালাহউদ্দিন আহমদ বলেন, আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি যে পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে এর সত্যতা এখনো যাচাই করতে পারিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে

সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি যে পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে এর সত্যতা এখনো যাচাই করতে পারিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে।

তিনি বলেন, আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কিনা, আবেদন করার আইনগত অধিকার রয়েছে কিনা এবং এর কোনো আইনি ভিত্তি আছে কিনা, তা যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান পর্যালোচনা শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রাথমিকভাবে বলা যায়, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেয়, সেই দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, যাতে তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।

বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পতিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মাঝেমধ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়ে এসব হামলা প্রতিহত করছে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com