মো. নূর নবী শেখ
চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের জন্য অনুরোধ জানিয়ে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়েছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ সংবাদ ছড়িয়ে পড়ায় ব্যাঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’
সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে আসিফ মাহমুদ এসব কথা বলেন। পোস্টটি দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
এদিকে এপির প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক মিশনে ইমেইলের মাধ্যমে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে শেখ হাসিনার একজন আইনজীবী মিশনের শীর্ষ কূটনীতিককে তার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে উদ্দেশ করে পাঠানো চিঠিতে ম্যাট্রিক্স চেম্বার্স উল্লেখ করে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়।
রয়টার্সের প্রতিবেদনেও বিষয়টিকে আবেদন নয়, অনুরোধ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, চিঠিতে বিষয়টি দ্রুত প্রক্রিয়া করার অনুরোধও জানানো হয়েছিল।
তবে বাংলাদেশের নিয়মিত ই-পাসপোর্ট প্রক্রিয়ায় আবেদনকারীকে নিজে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হয়। এরপর দেশের পাসপোর্ট অফিস অথবা বিদেশে বাংলাদেশের দূতাবাস বা হাইকমিশনে সশরীরে উপস্থিত হয়ে ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিসের তথ্য দিতে হয়।
কিন্তু রয়টার্স ও এপির প্রতিবেদনে শেখ হাসিনার পক্ষে এ ধরনের কোনো আবেদন ফরম জমা দেওয়া কিংবা বায়োমেট্রিক তথ্য দেওয়ার কথা উল্লেখ নেই। এ কারণে ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠিকে আনুষ্ঠানিক পাসপোর্ট আবেদন না বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অর্থাৎ, শেখ হাসিনা নিজে পাসপোর্টের আবেদন করেছেন—এমন দাবি সঠিক নয়। তার পক্ষে আইনি প্রতিষ্ঠানের পাঠানো চিঠিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক, দণ্ডিত ও আশ্রয়প্রাপ্ত ব্যক্তিরা পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন না। এ ধরনের ব্যক্তিদের বন্দি বিনিময় চুক্তির আওতায় আসতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা সন্ত্রাসী, তাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হবে না; ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরত আনা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com