৯ নভেম্বর ২০২৬
preview
তিন দিনে কোটির বেশি দর্শক, তৌসিফ-তটিনীর নাটক নিয়ে উন্মাদনা

মো. নূর নবী শেখ

মুক্তির মাত্র দুই দিনেই ইউটিউবে ১ কোটিরও বেশি ভিউ! তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত নাটকটি এখন দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। প্রেম, বিচ্ছেদ আর আত্মত্যাগের গল্পে নির্মিত নাটকটি অল্প সময়েই কোটি ভিউয়ের মাইলফলক পেরিয়ে আলোচনায় এসেছে।

ইমরাউল রাফাত পরিচালিত নাটকটি গত ৬ নভেম্বর দুপুরে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত ‘মন দুনিয়া’ নামের নাটকটির ভিউ দাঁড়িয়েছে ১ কোটিরও বেশি। পাশাপাশি এতে লাইক পড়েছে ১ লাখ ১৮ হাজারের বেশি এবং মন্তব্য এসেছে সাড়ে পাঁচ হাজারেরও বেশি।

নাটকটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। গল্পে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আবিরের (তৌসিফ) সঙ্গে পরিচয় হয় তুলির (তটিনী)। পরিচয় থেকে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বের পথ ধরেই দুজনের মধ্যে তৈরি হয় ভালোবাসা। কিন্তু নানা জটিলতায় তাদের সম্পর্ক পূর্ণতা পায় না।

বন্ধুর প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তুলি আবিরকে ভালোবাসার কথা জানালেও বন্ধুত্বের কথা ভেবে নিজের অনুভূতি গোপন রাখে আবির। পরে দুই পরিবারের বিরোধিতা ও বাবার শর্তের কারণে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। একপর্যায়ে বিচ্ছেদের পর পেরিয়ে যায় দেড় বছরেরও বেশি সময়। শেষ পর্যন্ত তুলির আত্মত্যাগ এবং আবিরের ফিরে আসার মধ্য দিয়ে গল্পের পরিণতি ঘটে।

অভ্র মাহমুদের গল্প ও চিত্রনাট্যে নির্মিত নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শেহজাদ ওমর ও শিল্পী সরকার অপু।

নাটকটির দ্রুত জনপ্রিয়তায় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা ও শিল্পীরা। প্রযোজকের পরবর্তী লক্ষ্য এক দিনেই নাটকের এক কোটি ভিউ অর্জন।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com