মো. নূর নবী শেখ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১০ নভেম্বর ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জীবন উৎসর্গ করেন অকুতোভয় যুবক নূর হোসেন। তার আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।
মঙ্গলবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, শহীদ নূর হোসেনের আত্মত্যাগ এ দেশের গণতন্ত্রকামী মানুষের মধ্যে স্বৈরাচারবিরোধী আন্দোলনের নতুন প্রেরণা সৃষ্টি করেছিল। তার রক্তের বিনিময়ে সৃষ্ট গণজাগরণ পরবর্তী সময়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও অসংখ্য মানুষের আত্মত্যাগের পরও দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় হয়নি। গণতন্ত্রের নামে ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক আধিপত্য, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং নাগরিক অধিকার হরণের প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি আরো বলেন, ২০২৬ সালে দাঁড়িয়ে শহীদ নূর হোসেনের আত্মত্যাগের তাৎপর্য নতুন করে উপলব্ধি করা প্রয়োজন। গণতন্ত্র কেবল ক্ষমতার পালাবদল নয়; গণতন্ত্রের প্রকৃত অর্থ হচ্ছে জনগণের ভোটাধিকার, রাজনৈতিক স্বাধীনতা, আইনের শাসন, জবাবদিহিমূলক সরকার এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। রাষ্ট্র ও রাজনীতিতে স্বৈরতান্ত্রিক মানসিকতা, দলীয়করণ এবং আধিপত্যবাদী প্রবণতার কোনো স্থান থাকতে পারে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সব অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, শহীদ নূর হোসেনের রক্ত যেন বৃথা না যায়। তাঁর আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দিতে হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রবিরোধী যেকোনো অপশক্তি ও স্বৈরতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ, সচেতন ও সোচ্চার হতে হবে।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার শহীদ নূর হোসেনের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com