১১ নভেম্বর ২০২৬
preview
দেশবাসীর কাছে ভোট চাইলেন মাহি

মো. নূর নবী শেখ

আন্তর্জাতিক মঞ্চে শুরু হয়েছে মিস ইউনিভার্সের অফিশিয়াল ফ্যান ভোটিং। আর এই প্রতিযোগিতায় বাংলাদেশকে শীর্ষে নিয়ে যেতে দেশবাসীর কাছে ভোট ও পূর্ণ সমর্থন চেয়েছেন এবারের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সামিরা খান মাহি।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সামাজিক মাধ্যমে এক পোস্টে এই আহ্বান জানান মাহি।

পোস্টে ভক্ত ও দেশবাসীর উদ্দেশে মাহি লিখেছেন, ‘চলুন, বাংলাদেশকে নিয়ে যাই শীর্ষে! মিস ইউনিভার্সের ফ্যান ভোটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে! আসুন, আমরা সবাই একসঙ্গে বাংলাদেশের পাশে দাঁড়াই এবং আমাদের পূর্ণ সমর্থন জানাই।’

পোস্টে ভক্তদের জন্য ভোট দেওয়ার সহজ প্রক্রিয়াও তুলে ধরেছেন মাহি :

১. App Store অথবা Google Play Store থেকে MU FAN অ্যাপটি ডাউনলোড করতে হবে।

২. অ্যাপটি ওপেন করে Vote অপশনে যেতে হবে।

৩. Miss Universe Bangladesh নির্বাচন করে বাংলাদেশের পক্ষে ভোট দিতে হবে।

গত ৭ নভেম্বর রাতে রাজধানীতে এক জমকালো আয়োজনে সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ -এর মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী ও তার কাছের বন্ধু তানজিয়া জামান মিথিলা। এই খেতাব অর্জনের সুবাদে ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের সেরা সুন্দরীদের সঙ্গে লড়বেন মাহি।

এর আগে, ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেও বিশ্বমঞ্চে কেউ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেননি।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com