মো. নূর নবী শেখ
টালিউডের অনেক তারকার সঙ্গেই পর্দা ভাগ করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। এবার প্রথমবার শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘আরএসভিপি মার্ডার’ সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে। এটি পরিচালনা করছেন অর্জুন দত্ত। একটি আনন্দঘন পার্টি বা জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে সিনেমাটির গল্প।
কিন্তু সেই আনন্দের মাঝে হঠাৎ অস্বস্তিকর বার্তা আসে। মুহূর্তের মধ্যে উৎসবের আনন্দ বদলে রূপ নেয় ভয়ংকর রহস্যে। তদন্ত যত এগোতে থাকে, ততই বেরিয়ে আসতে থাকে বন্ধুত্বের মুখোশ, দাম্পত্যের টানাপড়েন এবং পারিবারিক গোপন ক্ষোভ। সুন্দর ও স্বাভাবিক সম্পর্কগুলোর আড়ালে প্রত্যেকেই যেন কিছু না কিছু লুকিয়ে রাখতে মরিয়া। পাহাড়ের মনোরম ও শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে থাকা ভয়ংকর মানসিক দ্বন্দ্ব, গোপন সত্য, ঈর্ষা এবং বিশ্বাসঘাতকতার অদ্ভুত সমীকরণ সিনেমাটিতে তুলে ধরা হবে।
এ বিষয়ে জয়া আহসান বলেন, “অর্জুন আমার অত্যন্ত পছন্দের একজন পরিচালক। ‘আরএসভিপি মার্ডার’ একটি মার্ডার মিস্ট্রি, আর এই সিনেমার অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত।”
সিনেমাটিতে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী চ্যাটার্জি। তিনি বলেন, ‘সিনেমাটির গল্প ও আমার চরিত্রটি দারুণ। এর আগে এ ধরনের চরিত্রে কখনও অভিনয় করিনি।’
জয়া-শ্রাবন্তী ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন- শিলাজিৎ মজুমদার, কনীনিকা ব্যানার্জি, বিবৃতি চ্যাটার্জি, অনুরাধা ব্যানার্জি, লোকনাথ দে প্রমুখ। চলতি মাসের শেষের দিকে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com