১৩ নভেম্বর ২০২৬
preview
৭ নভেম্বরের চেতনায় স্বৈরাচারবিরোধী লড়াইয়ের প্রেরণা পেয়েছে জনগণ : রিজভী

মো. নূর নবী শেখ

৭ নভেম্বরের চেতনা বাংলাদেশের জনগণকে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র, জাতীয় স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অধ্যায়।

শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ৭ নভেম্বর সিপাহি ও জনগণ একসঙ্গে আধিপত্যবাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। এটি ছিল জনগণের জাতীয় জাগরণ। এই দিনের প্রেরণা থেকেই মানুষ সত্য বলার এবং স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায়।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আন্দোলন করে ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ছাত্র, শ্রমিক, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে।

শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ এক বিষয় নয়। এ ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

নারীদের ভূমিকা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নারীরা স্বতন্ত্রভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নে মহিলা দলকে ভূমিকা রাখতে হবে। বাল্যবিবাহ বন্ধ, নারী উদ্যোক্তা তৈরি এবং বিনা জামানতে ঋণের সুযোগের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার ওপরও গুরুত্ব দেন তিনি।

আলোচনা সভায় মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com