মো. নূর নবী শেখ
পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। পাশাপাশি পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে বাংলাদেশের যৌথ কাজের সম্ভাবনার কথা নিজেই জানিয়েছেন এই অভিনেতা।
গত ১২ নভেম্বর এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে এ বিষয়ে কথা বলেন তিনি। জানান, পাকিস্তানের একজন অভিনেত্রীও এই সিনেমায় কাজ করছেন।
শাকিব খান বলেন, ‘পাকিস্তান ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে একটা কাজ হয়তো আমাদের হতে যাচ্ছে। পাকিস্তানি একজন অভিনেত্রীও কাজ করবেন। তাদের সিনেমা ইন্ডাস্ট্রির খবর নিয়ে দেখলাম, আগে আমরা জানতাম তাদের কিছুই নেই। কিন্তু তাদের সিনেমা হলের সংখ্যা, রানিং হলের সংখ্যা নাকি ১২০০ প্রায়। মাল্টিপ্লেক্সও অনেক। আরও অবাক হলাম, তাদের একটা সিনেমা ব্লকবাস্টার হলে ২০০-৩০০ কোটি টাকা আয় করে। ওয়ান্ডারফুল! আমরাও সে জায়গা থেকে পিছিয়ে থাকব না।’
এদিকে শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। তাদের নতুন সিনেমার নাম ‘মহব্বত’। আগের দুটির মতো এটিও নির্মিত হবে আরশাদ আদনানের ভার্সেটাইল মিডিয়া থেকে। সিনেমাটিতে শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে চলছে আলোচনা।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, ‘মহব্বত’র নায়িকা হিসেবে পাকিস্তানের কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে আছেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান। একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে বলেও জানা গেছে। পাশাপাশি ভারতের দুই জনপ্রিয় অভিনেত্রীর নামও বিবেচনায় রয়েছে।
তবে শেষ পর্যন্ত শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাননি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগির নায়িকার নাম ঘোষণা করা হবে।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে ‘মহব্বত’র শুটিং। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মে মাসে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com