১৪ নভেম্বর ২০২৬
preview
গ্যারান্টি দিতে হবে ঢাকাকে, হাসিনাকে ফেরাতে বড় শর্ত রাখল নয়া দিল্লি

মো. নূর নবী শেখ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ ছাড়ার পর থেকে তিনি ভারতে রয়েছেন। সম্প্রতি দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়ে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার কথা বলেছেন শেখ হাসিনা। তবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য করা তাঁর আবেদন বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করেছে।


এ অবস্থায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে দুটি শর্ত দেওয়া হয়েছে বলে দাবি করেছে বিবিসি বাংলা।


প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক এবং প্রতিবেশী রাষ্ট্রের সাবেক সরকারপ্রধান হিসেবে তাঁর অবস্থান বিবেচনা করেই ভারত দেখেছে। বর্তমানে তাঁর প্রত্যাবর্তনের বিষয়টি সামনে আসায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি আইনি এবং সেই অনুযায়ীই পদক্ষেপ নেওয়া হবে।


বিবিসির প্রতিবেদনের দাবি অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের প্রথম শর্ত হলো—তাঁকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব নিতে হবে। তিনি যেভাবে সামরিক বিমানে করে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন, একইভাবে আকাশপথে কিংবা স্থলপথে তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা ভারত দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


দ্বিতীয় শর্ত হিসেবে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে হওয়া মামলায় দণ্ডিত হওয়ার পর নতুন করে বিচারিক প্রক্রিয়ায় যাওয়ার সুযোগ দিতে হবে—এমনটাই দাবি করা হয়েছে প্রতিবেদনে।


তবে এই প্রক্রিয়ায় বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ যেন না ওঠে, সে বিষয়েও ভারত সতর্ক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছান। এরপর তিনি যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। তবে সেখানে আশ্রয় না পাওয়ায় তিনি ভারতেই অবস্থান করছেন।


অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালেও এখন পর্যন্ত ভারত তা কার্যকর করেনি।


বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে গিয়ে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পরামর্শ দিয়েছে ভারত। একই সঙ্গে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রেও তাঁর দেশে ফেরার প্রয়োজন রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com