১৫ নভেম্বর ২০২৬
preview
আমরা সব ধরনের জ্বালানিতেই হাত দেব: বিদ্যুৎমন্ত্রী টুকু

মো. নূর নবী শেখ

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে যোগ দিয়ে বললেন, বিদ্যুৎ না হলে উন্নয়ন হবে না, আবার সস্তা জ্বালানি না হলে সস্তা বিদ্যুৎ হবে না। সুতরাং আমাদের যেটা সস্তা, সেটাতেই আমরা যাব। আপনি যদি মাতারবাড়ি যান দেখবেন একটু ধোঁয়াও নাই। অর্থনীতির জন্য সব ধরনের জ্বালানিতেই যেতে হবে। পরিবেশের নাম দিয়ে বেকারত্ব বাড়িয়ে তো লাভ নেই। আমরা সব ধরনের জ্বালানিতেই হাত দেব।

তিনি বলেন, কয়লা উত্তোলনের এখনই উপযুক্ত সময়, আর এটা উন্মুক্ত পদ্ধতিতেই হতে হবে। এখন নতুন প্রযুক্তি এসে গেছে, তাতে জমির কোনো ক্ষতি হবে না। আমরা এটার ওপর জোর দিচ্ছি। বিডিং প্রসেস/দরপত্র প্রক্রিয়া কী হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। প্রধানমন্ত্রী তিন মাসের মধ্যে এটা চূড়ান্ত করতে বলেছেন। এরপরই আমরা বিডিং প্রসেসে যাব।

মন্ত্রী আরও বলেন, আদানিসহ ভারতের সঙ্গে যে বিদ্যুৎ চুক্তি, সেখানে সভরেন গ্যারান্টি দেওয়া। সভরেন গ্যারান্টি বাতিল করা যায় না। তবে আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। জ্বালানির ঝামেলার কারণে তারাও আবার দাম বাড়াতে চাচ্ছেন। আমাদের টিম ভারতে গিয়েছিল। যাতে দাম কমাতে পারি, সেজন্য চেষ্টা করছি।

আমাদের বর্তমান গ্যাস সরবরাহ স্থিতিশীল আছে। ১৫-২০ দিন ধরে লোডশেডিংও খুব কম জায়গায় হচ্ছে। যে জায়গায় হচ্ছে, সেটা কারিগরি কারণে। বিদ্যুৎ সরবরাহ এখন সহনীয় পর্যায়ে আছে। গ্যাসও ডিমান্ড অনুযায়ী সরবরাহ হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com