১৬ নভেম্বর ২০২৬
preview
বিভিন্ন স্থাপনা ও দলীয় কার্যালয়ে হামলার পরও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, দাবি হাস্যকর: পরওয়ার

মো. নূর নবী শেখ

দেশের বিভিন্ন স্থাপনা ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার ঘটনা দেখার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার সরকারি বক্তব্য মানুষের কাছে হাস্যকর মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।রাজনৈতিক খবর পড়ুন

তিনি বলেছেন, গোপালগঞ্জে নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় সরকারের পাশাপাশি রাষ্ট্রযন্ত্রেরও চরম ব্যর্থতা প্রকাশ পেয়েছে।

‘স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে? দেশের মানুষ যখন নিজের চোখে এসব দৃশ্য দেখছে, তখন এমন বক্তব্য তাদের কাছে শুধু হাস্যকরই নয়, বরং বাস্তবতাকে অস্বীকার করার শামিল।’

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘গোপালগঞ্জে যা ঘটছে- নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা, বিভিন্ন স্থাপনা ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, এসব দেখে কি মনে হয়, এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের একটি অংশ! এটি শুধু সরকারের ব্যর্থতা নয়, বরং রাষ্ট্রযন্ত্রেরও চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ।’

তিনি লেখেন, ‘রাষ্ট্রের সব অঙ্গ, প্রশাসনিক স্থাপনা ও অবকাঠামোর অভিভাবক হিসেবে এগুলোর তত্ত্বাবধান, নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়ন্ত্রণ বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের। অথচ চরম ব্যর্থতার পরিচয় দেওয়া এই রাষ্ট্রের কোনো অভিভাবক আছে কি না, তা এসব ঘটনা দেখে মানুষ বুঝতে পারছে না।’

‘রাষ্ট্রবিরোধী এই শক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও সরকার যেমন ব্যর্থ, রাষ্ট্রও তেমনি ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’

তিনি আরও লেখেন, ‘জনগণের কাছে করা ওয়াদা যারা ভঙ্গ করে, গণআকাঙ্ক্ষা ও গণরায়কে যারা উপেক্ষা করে, তাদের প্রতি জনগণের আস্থা থাকার কথা নয়। এই সরকারের সঙ্গে যে জনগণ নেই, রাষ্ট্রের চরম ব্যর্থতাই যেন তার প্রমাণ দিচ্ছে।’


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com