মো. নূর নবী শেখ
মধ্যপ্রাচ্যে সংঘাতের পারদ আরো চড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে থাকা দুটি বিমানবাহী রণতরীর বহরে এবার যুক্ত হয়েছে তৃতীয় মার্কিন রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। ইতিমধ্যে এটি মধ্যেপ্রাচ্যে এসে পৌঁছেছে বলে আল-জাজিরাকে নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা।
এমন এক সময়ে এই সামরিক উপস্থিতি বাড়ল, যখন ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তেহরান যুক্তরাষ্ট্রের প্রথম আক্রমণের জন্য বসে থাকবে না।
সোমবার (১৬ নভেম্বর) ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী (আইনি ও আন্তর্জাতিক বিষয়ক) কাজেম গরিবাবাদি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তেহরান ‘যুক্তরাষ্ট্রের প্রথম হামলার জন্য অপেক্ষা করবে না।” তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন মূলত কূটনীতির আড়ালে অন্য কোনো বড় হামলার জন্য সময় পার করার কৌশল নিয়েছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও সামাজিক যোগাযাগমাধ্যম এক্স-এ এক পোস্টে মার্কিন আত্মবিশ্বাসের কঠোর সমালোচনা করেন। রোমান এক জেনারেলের ঐতিহাসিক পরাজয়ের প্রসঙ্গে টেনে তিনি লেখেন, সংখ্যায় এগিয়ে থাকা সত্ত্বেও ঔদ্ধত্যের ফল কী হতে পারে, তা যুক্তরাষ্ট্র যেন ভুলে না যায়।
অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও চলতি সপ্তাহে ফেডারেলিস্ট সোসাইটি ন্যাশনাল লয়ার্স কনভেনশনে আন্তর্জাতিক আদালতকে সমালোচনা করতে গিয়ে একই রোমান প্রবাদ- ‘তলোয়ারধারীদের সামনে আইন নিয়ে কথা বলো না’- উদ্ধৃত করেছিলেন।
বাইরানে নিরাপত্তা সতর্কতা ও হরমুজ প্রণালিতে হামলা
পরিস্থিতির অবনতি হওয়ায় বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস আমেরিকান নাগরিকদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে। ইরান ও হুথিদের সম্ভাব্য হামলার আশঙ্কায় এই সতর্কতা দেওয়া হয়। এর আগে বাহরাইনের সরকার দাবি করে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানের ‘পরিকল্পিত আগ্রাসন’ হিসেবে চিহ্নিত বেশ কয়েকটি ইরানি হামলা সফলভাবে প্রতিহত করেছে।
এদিকে ইরানের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়ে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। গত কয়েকদিনের মধ্যে এটি এ ধরনের সপ্তম ঘটনা।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি ও তেহরানের অনমনীয় অবস্থানের কারণে এই অঞ্চলে যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com