১৬ নভেম্বর ২০২৬
preview
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মো. নূর নবী শেখ

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আজও দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। সকালে শ্রমিকরা কাশিমপুর সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার বাইরে অবস্থান নেয়। একপর্যায়ে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় শ্রমিকরা ছুটাছুটি করে ওই সড়ক থেকে সরে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেপাশে থাকা পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় আজ সকাল থেকে মহাসড়ক অবরোধ করে কোথাও শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা যায়নি।

তবে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানসহ টহল দিতে দেখা গেছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ওই দুটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com