১৭ নভেম্বর ২০২৬
preview
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

মো. নূর নবী শেখ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও শক্তিশালী হয়ে আগামী ২০ নভেম্বর সন্ধ্যা নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২৪৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং পায়রা থেকে ১ হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com