মো. নূর নবী শেখ
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেককে তাওবা করার আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষণখোলা পৌরসভা ফুটবল মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসসিরের বক্তব্যে এসব কথা বলেন আমির হামজা।
জানা গেছে, জামায়াতে ইসলামীকে নিয়ে মুফতি আব্দুল মালেকের দেওয়া বিদ্রুপাত্মক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন তিনি।
এসময় আমির হামজা বলেন, ‘এ বিষয়ে তার তাওবা করা উচিত।’ একই সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাম্প্রতিক বক্তব্য নিয়েও আপত্তি জানান তিনি।
বায়তুল মোকাররমের খতিবের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, খতিব সাহেব ফতোয়া দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যারা যায় তারা গুমরাহ। তাহলে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কি গুমরাহ ছিলেন? আপনার তাওবা করা উচিত।
যারা আন্তরিকভাবে জামায়াত করেন, তাদের ইখলাসে কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেন আমির হামজা।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের সমালোচনা করে আমির হামজা বলেন, মুরুব্বি ইদানীং খারাপ কথা বলেন। এত নিকৃষ্ট শব্দ উনার মুখ দিয়ে আসে, উনাকে মাইকের সামনে নিয়ে আসেন কেন? এরকম মুরুব্বি, যার কথা ঠিক নেই, মাথা ঠিক নেই, তাকে বাড়িতে বসিয়ে চিকিৎসা করান।
ওয়াজ মাহফিলে বাধা দেওয়া এবং তাকে বিতর্কিত বলার প্রসঙ্গে তিনি বলেন, যারা মাহফিলে বাধা দেন, তারা কাফের।
তাকে বিতর্কিত আখ্যা দেওয়ার প্রসঙ্গে আমির হামজার দাবি, সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার আগে তার বিরুদ্ধে এ ধরনের সমালোচনা ছিল না।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com