১৮ নভেম্বর ২০২৬
preview
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী

মো. নূর নবী শেখ

বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। আর বর্তমানে, অর্থাৎ ২০২৬ সালের ১৯ অক্টোবর হিসাবে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে।

তিনি বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই খাত চালুর উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনিই বাংলাদেশি শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন।

তারেক রহমান বলেন, বৈধ পথে রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো, হুন্ডি প্রতিরোধ, লেনদেন সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার ও উদ্যোগ নিয়েছে।

দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরদের সঙ্গে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর ফলে বিদেশে নতুন রেমিট্যান্স পাঠানোর সংযোগ যুক্ত করা সহজ হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে। এতে প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় অর্থ স্থানান্তরের খরচও কমেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বৈধ পথে রেমিট্যান্সের প্রবৃদ্ধি বাড়াতে প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ সহায়তা বা প্রণোদনা দিচ্ছে। এ ছাড়া কম খরচে রেমিট্যান্স পাঠানোর সুযোগ তৈরি করতে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে অর্থ পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে।

রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো ও তা নিরবচ্ছিন্ন রাখতে নতুন ধারণা, প্রযুক্তি এবং মাধ্যম নিয়ে উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তারেক রহমান।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com