১৯ নভেম্বর ২০২৬
preview
সরকার ও প্রশাসনের একাংশ মিলে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে : জামায়াত

মো. নূর নবী শেখ

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা, অশান্তি ও বিশৃঙ্খলা নিয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে বিস্তারিত আলোচনা হয়েছে। পরিষদ মনে করে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের রায় উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতা নিয়ে দেশ পরিচালনার দিকে এগোচ্ছে। এ মানসিকতা থেকেই বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছিল। সনদে স্বাক্ষর করার পর গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল সেই গণরায় উপেক্ষা করছে। জনগণের প্রত্যাশার প্রতি সরকারের এ অবস্থান রাজনৈতিক আস্থার সংকট তৈরি করেছে বলে মন্তব্য করেছেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা, অস্থিরতা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটছে। গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় মহাসড়কে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘাতের ঘটনা ঘটছে। কোথাও মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে থানায় হামলা করা হচ্ছে, কোথাও থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে। পুলিশের ওপর হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহায় পরিস্থিতি দেশের নিরাপত্তাব্যবস্থার অবনতির ইঙ্গিত দিচ্ছে।

তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে সংসদ সদস্যদের বাড়ি, দোকানপাট, সিনেমা হলসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পুরোনো ভিডিও ও ছবি জুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এসব ঘটনায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দলটি উদ্বিগ্ন।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com