মো. নূর নবী শেখ
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার ৯-৬ ভোটে আদালত এ সিদ্ধান্ত দেন। ৯ জন বিচারক গণহত্যা সংঘটনের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দেন। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা এবং অপরাধীদের শাস্তি না দেওয়ার দায়েও মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।
আদালতের বিচারক ইউজি ইওয়াসাওয়া রায়ের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ২০১৭ সালে সামরিক অভিযানের আগে উত্তর রাখাইন রাজ্যে বসবাসকারী প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এই জনগোষ্ঠীর সংখ্যা গণহত্যা সনদের বিবেচনায় একটি উল্লেখযোগ্য অংশ।
বিচারক বলেন, মিয়ানমারের কর্মকাণ্ডের ব্যাপকতা ও ধরন কেবল কোনো জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যের চেয়ে অনেক বেশি ছিল। বরং এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংসের অভিপ্রায় প্রকাশ পেয়েছে। আদালতের মতে, মিয়ানমারের কর্মকাণ্ডের ব্যাখ্যা হিসেবে একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত হলো, দেশটির উদ্দেশ্য ছিল উত্তর রাখাইনের রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করা।
গণহত্যা প্রতিরোধে ব্যর্থ মিয়ানমার
গণহত্যা প্রতিরোধে মিয়ানমার তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে ৯-৬ ভোটে সিদ্ধান্ত দিয়েছেন আদালত। দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে থাকা ব্যক্তিদের মাধ্যমে সংঘটিত গণহত্যা প্রতিরোধেও ব্যর্থ হয়েছে মিয়ানমার।
তবে উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যক্তিগত পক্ষগুলোর মাধ্যমে সরাসরি ও প্রকাশ্যে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে মিয়ানমারকে দায়ী করেননি আদালত। এ সিদ্ধান্ত ১৪-১ ভোটে গৃহীত হয়।
অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থ
গণহত্যা সনদের আওতায় অপরাধ সংঘটনকারীদের তদন্ত, বিচার ও শাস্তি দিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার। সামরিক কমান্ডাররাও এ দায়ের আওতায় রয়েছেন বলে জানান বিচারক ইওয়াসাওয়া।
গণহত্যা, গণহত্যার ষড়যন্ত্র, সরাসরি ও প্রকাশ্যে গণহত্যায় উসকানি, গণহত্যার চেষ্টা এবং এতে সহযোগিতার মতো অপরাধগুলো সনদের ৩ নম্বর অনুচ্ছেদে শাস্তিযোগ্য হিসেবে উল্লেখ রয়েছে। এসব অপরাধের জন্য দায়ীদের শাস্তি না দেওয়ায় মিয়ানমার গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে ১১-৪ ভোটে সিদ্ধান্ত দেন আদালত।
তথ্য-প্রমাণ ধ্বংসের চিত্র তুলে ধরেন বিচারক
২০১৭ সালের সামরিক অভিযানের সময় ও পরে গণহত্যার তথ্য-প্রমাণ ধ্বংসের ঘটনাও তুলে ধরেন বিচারক ইওয়াসাওয়া। তিনি বলেন, মরদেহ পুড়িয়ে ফেলা বা অন্যভাবে সরিয়ে দেওয়ার মাধ্যমে ব্যাপকভাবে তথ্য-প্রমাণ নষ্ট করেছে মিয়ানমার। এ ছাড়া অভিযান চালানো এলাকাগুলো পুড়িয়ে দেওয়া ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে ওই সময় কী ঘটেছিল, তা নিয়ে কার্যকর তদন্ত বাধাগ্রস্ত হয়।
বিচারক আরও বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী পরিকল্পিত ও সমন্বিতভাবে রোহিঙ্গাবিরোধী বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করেছে। এসব বক্তব্যে রোহিঙ্গাদের ‘মানুষের চেয়ে নিম্ন’ এবং ‘সহিংস হুমকি’ হিসেবে তুলে ধরা হয়েছিল, যা জনগোষ্ঠীটিকে ধ্বংসের লক্ষ্যবস্তু করার অনুকূল পরিবেশ তৈরি করে।
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছেন বিচারক ইওয়াসাওয়া। তবে ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি এখনই নির্ধারণ করেনি আদালত। পরবর্তী পর্যায়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিচারক বলেন, ক্ষতিপূরণ অবশ্যই ক্ষতির মাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এ ছাড়া রায় ঘোষণার দুই বছরের মধ্যে ক্ষতিপূরণ কীভাবে দেওয়া হবে, সে বিষয়ে মিয়ানমারকে একটি প্রতিবেদন তৈরি করতে হবে।
মামলার বাদী গাম্বিয়া আদালতে যুক্তি দিয়েছিল, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত শাস্তিযোগ্য অপরাধের সব ভুক্তভোগীকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য।
রায়কে স্বাগত জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ
আইসিজের রায়কে রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিনিওলি বলেন, এ রায় বিশ্বজুড়ে গণহত্যা ও গুরুতর অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচারের লড়াইয়ে গুরুত্বপূর্ণ নজির তৈরি করেছে।
তিনি মিয়ানমারকে দ্রুত আদালতের রায় মেনে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ করার আহ্বান জানান। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারগুলোর প্রতি রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com