১৯ নভেম্বর ২০২৬
preview
শাকিবের ‘মোহাব্বাত’ ছবিতে নায়িকা নিয়ে প্রযোজকের রহস্যময় পোস্ট ঘিরে গুঞ্জন

মো. নূর নবী শেখ

হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এ নায়িকা কে থাকছেন, তা নিয়ে শুরু থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে নানা কৌতূহল কাজ করছে। সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই সম্ভাব্য নায়িকা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এবার সেই আলোচনায় নতুন করে ঝড় তুলেছেন প্রযোজক আরশাদ আদনান। প্রযোজকের একটি ফেসবুক পোস্টকে ঘিরে গুঞ্জন উঠেছে, এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন আরশাদ আদনান। ছবিতে এক অভিনেত্রীকে দেখা গেলেও তার নাম প্রকাশ করেননি প্রযোজক। ক্যাপশনে কেবল লিখেছেন, ‘নেক্সট’। আর সেই ছবিটি বিশ্লেষণ করে কিয়ারা আদভানির সঙ্গে মিল পাওয়া গেছে। এরপর থেকেই শাকিবের নতুন সিনেমার নায়িকা হিসেবে কিয়ারার নাম নিয়ে শুরু হয়েছে আলোচনা।

আরশাদ আদনানের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, এটি Esquire India-এর একটি ফটোশুট। ছবির মডেল বেইজ রঙের “SOBO PERSON” লেখা ক্যাপ, কমলা রঙের পোশাক এবং রঙিন স্ট্রাইপের টপ পরেছেন। নানা তথ্য অনুযায়ী, ছবিটি ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানির। তিনি Esquire India-এর ফটোশুটে এই লুকে ছবি তুলেছেন।

তবে কিয়ারা আদভানি ‘মোহাব্বাত’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন, নাকি প্রযোজক আরশাদ আদনানের ভার্সেটাইল মিডিয়ার অন্য কোনো সিনেমায় যুক্ত হচ্ছেন, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আপাতত বিস্তারিত জানাতে নারাজ প্রযোজক।

এর আগে প্রযোজক আরশাদ আদনান ও পরিচালক হিমেল আশরাফ জুটি শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’। দুটি সিনেমাতেই নায়িকা হিসেবে বিদেশি অভিনেত্রীকে দেখা গেছে। ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় ভারতের ইধিকা পালের। আর ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেন হলিউড অভিনেত্রী কোর্টনি কফি।

আভাস মিলেছিল আগেই, এবারও শাকিবের বিপরীতে দেখা যাবে আন্তর্জাতিক তারকাকে। ভারত ও পাকিস্তানের অভিনেত্রী নিয়েই ছিল আলোচনা। আরশাদ আদনানের ‘নেক্সট’ পোস্টের পর কিয়ারা আদভানিকে নিয়ে কৌতূহল ঘুরছে সিনেমাপ্রেমীদের মনে। কিয়ারা আদভানিকে ঘিরে তৈরি হওয়া এই জল্পনার অবসান ঘটাতে এখন অপেক্ষা প্রযোজক কিংবা সিনেমা সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক ঘোষণার।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com