মো. নূর নবী শেখ
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক জীবন যেন বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক নাটকীয় ও ঘটনাবহুল উপাখ্যান। দীর্ঘ সংগ্রাম আর নানা চড়াই-উতরাই এবং রাজনৈতিক বাস্তবতার কঠিন পরীক্ষা পেরিয়ে আজ জীবনের আরেকটি নতুন বছরে পা রাখলেন তিনি। প্রায় দুই দশক পর সরকার গঠন করা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ৬১ বছর পেরিয়ে ৬২তম বর্ষে পদার্পণ করলেন। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তিনি, দল পরিচালনার পাশাপাশি রাষ্ট্রের প্রতিষ্ঠান, অর্থনীতি, প্রশাসন এবং নাগরিক প্রত্যাশা পূরণের দায়িত্ব তার ওপর বর্তেছে। অতীতের অভিজ্ঞতাকে পাথেয় করে ভবিষ্যতের বাংলাদেশ গড়ার যে দায়িত্ব এখন তার সামনে, তার গুরুত্ব অপরিসীম।
সংশ্লিষ্টরা বলছেন, ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে একদিকে যেমন রয়েছে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা, অন্যদিকে রয়েছে রাষ্ট্র পরিচালনার কঠিন পরীক্ষা। অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে এবং বর্তমানের অস্থিতিশীলতা শক্ত হাতে ও বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা করে তিনি বাংলাদেশকে কতটা স্থিতিশীল ও সমৃদ্ধ পথে এগিয়ে নিতে পারেন, এখন সেটিই দেখার বিষয়।
তবে জন্মদিনের এই দিনে তার নেতৃত্বের অর্জন, সীমাবদ্ধতা এবং সাম্প্রতিক ঘটনপ্রবাহের মধ্যে আগামী দিনের প্রত্যাশাগুলো নতুন করে সামনে আসাটাই স্বাভাবিক। কেননা, তারেক রহমানের রাজনৈতিক জীবনের পথ কখনোই মসৃণ ছিল না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ প্রায় দেড় যুগ তাকে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। সুদূর প্রবাসে থেকেও তিনি বিএনপির সাংগঠনিক কাঠামো ধরে রাখা এবং সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মতে, তার সেই দীর্ঘ সময়ের দিকনির্দেশনা এবং মাঠপর্যায়ের আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন রূপ নেয় জুলাই গণঅভ্যুত্থানে। একপর্যায়ে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর নির্বাসিত জীবন শেষে সপরিবারে দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান।
তবে স্বদেশ প্রত্যাবর্তনের আনন্দ স্থায়ী হওয়ার আগেই মাত্র পাঁচ দিনের মাথায় তাকে জীবনের সবচেয়ে বড় ব্যক্তিগত ও রাজনৈতিক শোকের মুখোমুখি হতে হয়। তার মা এবং রাজনৈতিক অভিভাবক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু তার জন্য ছিল এক অপূরণীয় ক্ষতি ও বড় ধাক্কা। ব্যক্তিগত শোক ও রাজনৈতিক শূন্যতার সেই কঠিন মুহূর্ত সামলে দলীয় নেতাকর্মীদের নিয়ে সামনে এগোতে থাকেন তারেক রহমান। মায়ের মৃত্যুর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি। এরপর দলকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈতরণী পার হন বিএনপির চেয়ারম্যান। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে এককভাবে সরকার গঠন করে বিএনপি, আর দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বিগত সরকারের আমলে ভেঙে পড়া অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মতে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং দেশ গঠনে মনযোগ দেন এবং প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের সূচনা করেন। ক্ষমতার শীর্ষে থেকেও নির্মোহ আচরণ রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তারেক রহমান। প্রটোকলের বেড়াজাল এড়িয়ে সাধারণ মানুষের মতোই রাজপথে চলাফেরা করছেন তিনি। এতে জনগণের ভোগান্তি কমেছে এবং শাসক ও জনগণের মধ্যকার দূরত্ব কমেছে। তা ছাড়াও প্রধানমন্ত্রী নিজে প্রতিদিন ঠিক সময়ে অফিসে উপস্থিত হন। এতে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ইতিবাচক প্রভাব পড়েছে।
প্রধানমন্ত্রী তার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়ে সামাজিক সুরক্ষা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন ও জ্বালানি নিরাপত্তাকে একটি সমন্বিত উন্নয়ন-ভাবনার আওতায় আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে তিনি প্রান্তিক পরিবার ও কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছেন। তার সরকারের গৃহীত কৃষিঋণ মওকুফ, দেশব্যাপী খাল খনন ও পুনর্খনন এবং ২৫ কোটি গাছ রোপণের মতো কর্মসূচিগুলো কৃষি উৎপাদন, পানি সম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের সঙ্গে যুক্ত। এ ছাড়াও প্রধানমন্ত্রীর ইতিবাচক পরিবর্তনের মধ্যে অন্যতম হলো- রাষ্ট্রীয় কৃচ্ছ্রসাধনে সরকারি বিলাসিতা ত্যাগ ও নিজস্ব বাহনের ব্যবহার, প্রটোকলহীন পথচলা ও জনগণের সঙ্গে মিশে যাওয়া, সরকারি কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্রবিন্দু সচিবালয়ে নিয়মিত অফিস করায় যানজট নিরসন, বিদ্যুৎ সাশ্রয়ে লক্ষ্যে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এসির তাপমাত্রা নিয়ন্ত্রণে আনা, সরকারিভাবে বিদেশ সফরে মিতব্যয়িতা নিয়ে আসা, রাষ্ট্রীয় ব্যয় সংকোচনের লক্ষ্যে সরকারি অনুষ্ঠানে সাধারণ খাবার পরিবেশন, সাধারণ পোশাকে চলফেরা, প্রাণ ও প্রকৃতির প্রতি মমত্ববোধের অংশ হিসেবে দেশে প্রতি বছর ৫ কোটি করে বৃক্ষরোপণ করা এবং সুন্দর পৃথিবী ও বাসযোগ্য রাজধানী গড়তে পরিচ্ছন্নতা কার্যক্রমকে জোরদার করেছেন প্রধানমন্ত্রী।
অর্থাৎ, বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো- উন্নয়নকে কেবল অবকাঠামো নির্মাণ বা অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যানে সীমাবদ্ধ না রেখে মানুষের জীবনমান, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সক্ষমতার সঙ্গে যুক্ত করা। তার ঘোষিত ‘থ্রি-আর’—রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন কৌশলে অর্থনৈতিক পুনরুদ্ধার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তি নির্মাণের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
তবে প্রধানমন্ত্রীর উন্নয়নের এই পথচলা মসৃণ নয়। একদিকে যখন তিনি ও তার সরকার দেশ গঠনের কাজে গতি আনার চেষ্টা করছে, অন্যদিকে তখন রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা দেখা যাচ্ছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমনিতেই ভঙ্গুর অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের জন্য নিরন্তর পরিশ্রম করে চলেছেন। কিন্তু পরাজিত আওয়ামী ফ্যাসিবাদ ও রাজনৈতিক শক্তিগুলো দেশের স্থিতিশীলতা নষ্ট করতে এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে নানাভাবে তৎপর রয়েছে। সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং ষড়যন্ত্র মোকাবিলা করা—এসব বিষয় বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের জন্য নিঃসন্দেহে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
অবশ্য পরিবর্তিত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাজনৈতিক পর্যবেক্ষক ও সাধারণ নাগরিকদের প্রত্যাশাও কম নয়। দীর্ঘ আন্দোলনের পর যে গণতান্ত্রিক উত্তরণের স্বপ্ন মানুষ দেখেছে, তা বাস্তবায়নে সুশাসন নিশ্চিত করা, মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই এখন সময়ের দাবি। বিরোধী মত ও সমালোচনাকে সহনশীলতার সঙ্গে মোকাবিলা করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করতে পারলেই তার নেতৃত্বের সার্থকতা পূর্ণতা পাবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশ ও জনগণের জন্য বিরামহীন কর্মপ্রচেষ্টা চালাচ্ছেন। সরকার পরিচালনায় তিনি একের পর এক নতুনত্ব নিয়ে আসছেন। রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আসনে থেকেও সাধারণ মানুষের কাতারে নেমে আসার মানসিকতা বিরাট প্রশাসনিক সংস্কার এবং নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা। প্রধানমন্ত্রীর এই ছোট ছোট পদক্ষেপই দিনশেষে একটি স্বনির্ভর, মানবিক ও সবুজ বাংলাদেশ গড়ার বড় ভিত্তি হয়ে উঠছে এবং বাস্তবে রূপান্তর ঘটবে। ব্যক্তিগত বিলাসিতা ত্যাগ করে দেশের সম্পদ রক্ষা এবং প্রকৃতি ও মানুষের প্রতি তার এই মমত্ববোধ আগামী প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তার ৬২তম জন্মদিনে আমাদের প্রত্যাশা- সততা, মিতব্যয়িতা ও দেশপ্রেমের এই আলোকবর্তিকা হাতে নিয়ে তিনি বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন। শুভ জন্মদিন, প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com