২২ নভেম্বর ২০২৬
preview
আপা ফিরে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে মাশরাফি : রাশেদ খাঁন

মো. নূর নবী শেখ

সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে একাধিক অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তার দাবি, আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে এবং শেখ হাসিনা তাকে মন্ত্রী বানাবেন—এমন আশায় রয়েছেন মাশরাফি।

শনিবার (২১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এসব কথা লেখেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি অভিযোগ করেন, নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত অর্থ পাঠান মাশরাফি। সর্বশেষ সহিংসতার ঘটনাতেও তার মদত ছিল বলে দাবি করেন রাশেদ খাঁন। গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিক্ষোভে মাশরাফির বাড়ি ভাঙচুরের ঘটনার ক্ষোভ থেকে তিনি প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছেন এবং অর্থ ব্যয় করে জ্বালাও-পোড়াও ও হত্যাকাণ্ডে মদত দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

মাশরাফির অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করছেন উল্লেখ করে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, মাশরাফি নিজে কেন এ বিষয়ে বক্তব্য দিচ্ছেন না। তিনি বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট গণ-অভ্যুত্থানের সময় মাশরাফির বাবা রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিলেন।

রাশেদ খাঁন তার পোস্টে লেখেন, মাশরাফি মনে করছেন ভবিষ্যতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে। এ আশাতেই দুই বছর বিরতির পর চলতি বছর শেখ হাসিনার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

মাশরাফির সমালোচনা করে রাশেদ খাঁন আরও লেখেন, গণঅভ্যুত্থানের সময় তার পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নামা উচিত ছিল। তা না হলে গণঅভ্যুত্থানের পর ক্ষমা চেয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত ছিল। কিন্তু ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে শেখ হাসিনা তাকে মন্ত্রী বানাবেন—এই আশায় তিনি অপেক্ষা করছেন বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com