২২ নভেম্বর ২০২৬
preview
শীতে এলেই বাড়ে শুষ্কতা, যেভাবে মিলবে সমাধান

মো. নূর নবী শেখ

শীতের শুরুতেই ত্বক ও ঠোঁটে শুষ্কতার সমস্যা দেখা দিতে শুরু করে। কারও ঠোঁট ফেটে যায়, কারও মুখের ত্বক হয়ে ওঠে খসখসে। আবার অনেকের হাত-পায়ের চামড়ায় দেখা দেয় ফাটল ও চুলকানি। এ সময় ময়েশ্চারাইজার কিংবা লিপ বাম ব্যবহার করেও স্বস্তি পান না অনেকে। মূলত, তাপমাত্রা কমে যাওয়া এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ হ্রাস পাওয়ায় ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা কমে যায়। তবে, কিছু অভ্যাসের কারণে শীতে ত্বক ও ঠোঁটের শুষ্কতা আরও বেড়ে যেতে পারে।

বাতাসের আর্দ্রতা কমলেই বাড়ে শুষ্কতা

ত্বকের বাইরের স্তর শরীরের ভেতরের আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি বাইরের ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষা দেয়। শীতকালে বাতাসের আর্দ্রতা কমে গেলে ত্বক থেকে পানি দ্রুত বাষ্প হয়ে বেরিয়ে যায়। চিকিৎসাবিজ্ঞানে এ প্রক্রিয়াকে বলা হয় ‘ট্রান্সএপিডার্মাল ওয়াটার লস’।

২০১৬ সালে ‘জার্নাল অব দ্য ইউরোপিয়ান একাডেমি অব ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজি’তে প্রকাশিত একটি পর্যালোচনা গবেষণায় দেখা গেছে, কম তাপমাত্রা ও বাতাসে আর্দ্রতার স্বল্পতা ত্বকের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে। এর ফলে ত্বক শুষ্ক ও সংবেদনশীল হয়ে ওঠে। পাশাপাশি চুলকানি ও জ্বালাপোড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।

শীত এলেই ঠোঁট ফাটে কেন?

শরীরের অন্যান্য অংশের ত্বকের তুলনায় ঠোঁটের ওপরের আবরণ বেশ পাতলা। এ ছাড়া ঠোঁটে ত্বকের অন্যান্য অংশের মতো পর্যাপ্ত তেলগ্রন্থি নেই। ফলে ঠোঁট সহজে আর্দ্রতা হারায় এবং শুষ্ক হয়ে পড়ে।

এর সঙ্গে বারবার জিব দিয়ে ঠোঁট ভেজানোর অভ্যাস পরিস্থিতি আরও খারাপ করে। কারণ, লালা শুকিয়ে যাওয়ার পর ঠোঁটের আর্দ্রতা আরও কমে যায়। এতে ঠোঁটের চামড়া উঠে যাওয়া, ফাটল, জ্বালাপোড়া এমনকি রক্তপাতও হতে পারে।

গরম পানিতে গোসলেও বাড়ে সমস্যা

শীতের সকালে গরম পানিতে গোসল আরামদায়ক হলেও অতিরিক্ত গরম পানি ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। এতে ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে যায়, যা আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এ ছাড়া দীর্ঘ সময় গোসল করা এবং অতিরিক্ত কড়া সাবান ব্যবহারের কারণেও ত্বকের সুরক্ষাস্তর ক্ষতিগ্রস্ত হয়। ফলে শুষ্কতা আরও বেড়ে যায়।

শীতে ত্বক ও ঠোঁট ভালো রাখবেন যেভাবে

শীতকালে ত্বকের শুষ্কতা থেকে রক্ষা পেতে দৈনন্দিন পরিচর্যায় কিছু পরিবর্তন আনা জরুরি। যেমন-

১. অতিরিক্ত গরম পানির পরিবর্তে কুসুম গরম পানিতে গোসল করুন।

২. গোসলের পরপরই ত্বকে ঘন ময়েশ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন।

৩. ঠোঁটের শুষ্কতা কমাতে সুগন্ধিমুক্ত লিপ বাম লাগান।

৪. বারবার জিব দিয়ে ঠোঁট ভেজানো এবং ঠোঁটের শুকনো চামড়া টেনে তোলা থেকে বিরত থাকুন।

৫. বাইরে যাওয়ার সময় সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ঠোঁট রক্ষায় এসপিএফ ৩০ বা তার বেশি সুরক্ষাযুক্ত লিপ বাম ব্যবহার করুন।

শুষ্ক ত্বক ও ফাটা ঠোঁটের যত্নে এসব অভ্যাস অনুসরণের পরামর্শ দিয়েছে আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি (এএডি)।

তবে, নিয়মিত পরিচর্যার পরও ত্বক বা ঠোঁটের শুষ্কতা না কমলে কিংবা ফাটল, প্রদাহ ও রক্তপাত দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ, সব ধরনের শুষ্কতার পেছনে শুধু আবহাওয়ার প্রভাব থাকে না। কখনো কখনো ত্বকের অন্য সমস্যাও এর কারণ হতে পারে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com