মো. নূর নবী শেখ
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আজ থেকে সংলাপ শুরু হতে যাচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হওয়ার কথা। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ৪ সদস্যের একটি দল সংলাপে অংশ নেবে।
এর আগে, নাশকতার বিভিন্ন ঘটনায় সংসদে কঠোর হুঁশিয়ারি দিয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের সমাপনী দিনে বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠকও করেন তিনি। পরে, ১১ দলও বৈঠক করে নিজেদের মধ্যে। এসবের ধারাবাহিকতায় এবার দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ করতে যাচ্ছেন সরকার প্রধান।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সংকটে সরকার প্রধান আহ্বান জানানোয় সাড়া দিয়েছে তার দল। জানা গেছে, অন্য দলগুলোকেও ধারাবাহিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।
বিরোধীদল, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এখন অস্ট্রেলিয়ায় আছেন। তিনি ফিরলে ২৭ কিংবা ২৮ নভেম্বর হতে পারে তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com