মো. নূর নবী শেখ
চাইলেই অন্য প্রতিযোগীদের মতো একই ধরনের পোশাকে মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে অংশ নিতে পারতেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তবে সেই পথে হাঁটেননি তিনি। বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন সাজ। পুরো শরীর ঢাকা ফিটিং নীল পোশাকে তার উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। ব্যতিক্রমী এই উপস্থাপনার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছেন তিনি।
সুইমস্যুট পর্বে অন্য প্রতিযোগীদের অধিকাংশকে বিকিনি কিংবা দুই খণ্ডের সাঁতারের পোশাকে দেখা গেলেও মাহি হাজির হন ফুলহাতা নীল পোশাকে। এর সঙ্গে ছিল নীল রঙের লম্বা কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। পুরো আয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক ও উপস্থাপনায় নিজস্ব বৈশিষ্ট্য তুলে ধরেন তিনি।
স্থানীয় সময় রোববার রাতে এই পর্বের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মাহি। নিজের একটি পোস্টে তিনি লেখেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন বলেও উল্লেখ করেন তিনি।
মাহির এমন ব্যতিক্রমী উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। একজন মন্তব্য করেছেন, বিকিনি ছাড়াও বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন। তার ছবির মন্তব্যের ঘরেও দেখা গেছে ইতিবাচক প্রতিক্রিয়া। আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’।
এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও ভিন্নধর্মী উপস্থাপনায় বাংলাদেশকে তুলে ধরেছিলেন সামিরা খান মাহি। ‘মাদারহুড, আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বকে উপজীব্য করে ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে উপস্থাপন করেন তিনি। পোশাকের মাধ্যমে তুলে ধরেন মাতৃত্বের ভালোবাসা ও তাৎপর্য।
উল্লেখ্য, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং তার মাথায় পরিয়ে দেওয়া হবে মিস ইউনিভার্সের মুকুট।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com