নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপিতে বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে নেওয়ার আলোচনা নতুন করে সামনে আসার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন, বিএনপিতে ফেরার জন্য কখনো কোনো আবেদন করেননি। তাঁর কথাবার্তা কিংবা আচরণেও দলে ফেরার কোনো ইঙ্গিত নেই।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।’
তিনি আরও লেখেন, ‘আমার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন রুমিন ফারহানা। নির্বাচনে বিজয়ী হওয়ার পর বিএনপিতে বহিষ্কৃত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। সেই আলোচনায় রুমিন ফারহানার নামও উঠে আসে। তবে নিজের ফেসবুক পোস্টে তিনি দলে ফেরার আবেদন না করার বিষয়টি স্পষ্ট করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com