২৪ নভেম্বর ২০২৬
preview
জেমসের সাথে একই মঞ্চে গাইবেন ইমন চৌধুরী

মো. নূর নবী শেখ

ছিলেন জেমসের একনিষ্ঠ ভক্ত। একসময় হয়েছেন জেমসের ব্যান্ডের গিটারিস্ট, আর এবার তার সঙ্গে একই মঞ্চে নিজের ব্যান্ড নিয়ে পারফরম্যান্স—ইমন চৌধুরীর সংগীতজীবনের এক বৃত্ত যেন পূর্ণ হতে চলেছে। ২৬ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কনসার্টে জেমসের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন ইমন, সঙ্গে থাকবে তার ব্যান্ড বেঙ্গল সিম্ফনি।

একসময় নগর বাউল জেমসের সঙ্গে গিটার বাজানো ইমন চৌধুরী সময়ের পরিক্রমায় এখন দেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ। অনেক বছর পর গুরুর সঙ্গে একই মঞ্চে উঠবেন তিনি। ২২ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ম্যানেজমেন্ট উইক ৭.০। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে ২৬ নভেম্বর সন্ধ্যায় আয়োজন করা হয়েছে এই কনসার্ট।

জেমসের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইমন চৌধুরী। তার ভাষায়, ‘অসাধারণ অনুভূতি, ভীষণ রোমাঞ্চ কাজ করছে। শুধু একই মঞ্চে বাজাব বলে নয়, প্রায় সাত-আট বছর পর সরাসরি জেমস ভাইয়ের পারফরম্যান্স দেখব—এটা নিয়েও আমি দারুণ উত্তেজিত।’

জেমসের কনসার্ট দেখার এক মজার স্মৃতিচারণা করে ইমন বলেন, ‘১৯৯৮ সালের দিকে নরসিংদীর বাসস্ট্যান্ড এলাকায় জেমস ভাইয়ের প্রথম শো দেখেছিলাম। সেদিন কোথাও তিল ধারণের জায়গা ছিল না। বাধ্য হয়ে খাতা-কলম নিয়ে টিনের চালে উঠে বসেছিলাম। তিনি কোন গানে কী কর্ড ধরছেন, সেগুলো লিখে নিয়ে এসেছিলাম। তখন তো ডিজিটাল যুগ ছিল না, তাই সেই লেখা আমার কাছে ছিল অমূল্য। আর বাচ্চু ভাইয়ের একটি শোয়ের পুরোটা ওয়াকম্যানে রেকর্ড করেছিলাম।’

একসময় জেমসের সঙ্গে প্রায় দুই বছর গিটার বাজানোর সুযোগ হয়েছিল ইমনের। দেশের বাইরেও তার সঙ্গে মঞ্চ ভাগ করেছেন। সেই অধ্যায়কে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন মনে করেন তিনি। ইমন বলেন, ‘জেমস ভাই নিজেই একটা অরা। এ দেশে উনার মতো আর কেউ নেই। উনার সঙ্গে যতবার গিটার বাজিয়েছি, মনে হতো স্বপ্নের মধ্যে আছি। সংগীত ক্যারিয়ারের ওই দুই বছর নিয়ে আমি ভীষণ গর্বিত।’


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com