মো. নূর নবী শেখ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন—এমন ধারণা ব্যক্ত করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এই সুইসাইড বোমায় হাসিনা নিজে নন, আওয়ামী লীগ ক্ষতবিক্ষত হবে বলেও মনে করেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুজ পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ওই পোস্টে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের ও পরিবারের স্বার্থ। বাংলাদেশ তো দূরের কথা, প্রয়োজনে আওয়ামী লীগকেও তিনি কোরবানি দিতে পারেন।
তিনি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এর পরপরই আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত হত্যা, অগ্নিসংযোগ ও প্রকাশ্যে অস্ত্রশস্ত্র প্রদর্শনের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। পরিস্থিতি দেখে মনে হয়, তার দেশে ফেরার পথ তৈরি করতে পরিকল্পিতভাবে এই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। এর পেছনে তার নির্দেশনা বা প্ররোচনা রয়েছে বলে বিশ্বাস করার বহু কারণ রয়েছে।
এসব করার মাধ্যমে শেখ হাসিনা আবারও জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি সামনে নিয়ে এসেছেন। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের অনেককে প্রচণ্ড বিপদের মুখে ঠেলে দিয়েছেন। আওয়ামী লীগের প্রতি যাদের সামান্য সহানুভূতিও ছিল, তাদের জন্য দলটির পক্ষে কথা বলা কষ্টকর করে তুলছেন।
ড. ইউনূসের প্রতি শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত জিঘাংসা ছিল। এর বহিঃপ্রকাশও দেখা যায় তার অনুগতদের কর্মকাণ্ডে। গত এক মাসে তারা গ্রামীণ ব্যাংকের প্রায় একশ শাখায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
আওয়ামী লীগের ক্রোধান্ধ নেত্রী ও তার অনুসারীরা এটা বিবেচনায় আনেননি যে, ড. ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। গ্রামীণ ব্যাংকের ওপর এই হামলা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রচেষ্টাকে আরও অগ্রহণযোগ্য করে তুলতে পারে, সেটিও তাদের ভাবনায় নেই।
মনে হচ্ছে, শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন। তবে এই সুইসাইড বোমায় ক্ষতবিক্ষত হবে আওয়ামী লীগ, তিনি নিজে নন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা আর কবে উপলব্ধি করবেন এটা? কবে বুঝবেন যে, ব্যক্তিগত স্বার্থরক্ষা করতে গিয়ে তাদের নেত্রী দলটিকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন—প্রশ্ন রাখেন ড. নজরুল।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com