মো. নূর নবী শেখ
শীত এলেই গ্রামবাংলার প্রকৃতিতে যোগ হয় এক অন্যরকম আমেজ। ভোরের কুয়াশা, মিষ্টি রোদ আর খেজুরের রসের মৌ মৌ ঘ্রাণে মেতে ওঠে গ্রামাঞ্চল। গাছিরা ব্যস্ত হয়ে পড়েন খেজুরগাছ থেকে রস সংগ্রহে। আর ভোর হতেই গাছের নিচে ভিড় জমান রসপ্রেমীরা। কারও পছন্দ টাটকা রস, কারও আবার খেজুরের গুড় কিংবা পাটালি। সব মিলিয়ে খেজুরের রস যেন বাঙালির শীতের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য।
শীতের ঐতিহ্য খেজুরের রস
বাংলাদেশে বহু প্রাচীনকাল থেকেই খেজুরগাছের প্রচলন। বিশেষ করে যশোর, কুষ্টিয়া, ফরিদপুর ও খুলনা অঞ্চলে একসময় প্রচুর খেজুরগাছ দেখা যেত। যশোরের খেজুরের রস ও গুড়ের সুখ্যাতি তো দেশজুড়েই। এ কারণেই প্রচলিত প্রবাদ—‘যশোরের যশ খেজুরের রস’।
খেজুরের গুড় কিংবা পাটালি
শুধু স্বাদ নয়, অর্থনৈতিক দিক থেকেও খেজুরগাছের রয়েছে বিশেষ গুরুত্ব। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে শীত মৌসুমে প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ লিটার রস পাওয়া যায়। একটি গাছ থেকে মৌসুমে তৈরি হতে পারে ২৫ থেকে ৩০ কেজি গুড়। ফলে অনেক পরিবারের বাড়তি আয়ের উৎস এই খেজুরের রস ও গুড়।
খেজুরের রস সংগ্রহের রয়েছে নিজস্ব কৌশল। দক্ষ গাছিরা গাছের মাথা বিশেষভাবে চেঁছে সেখানে নলি বসিয়ে ঝুলিয়ে দেন মাটির হাঁড়ি। প্রথম দিনের রসকে বলা হয় জিরেন। স্বাদ ও মানের কারণে এই রসের কদর সবচেয়ে বেশি। দ্বিতীয় দিনের রস দোকাট এবং তৃতীয় দিনের রস তেকাট নামে পরিচিত।
খেজুরের গুড় কিংবা পাটালির তৈরি পিঠা
তবে খেজুরের রস পানের ক্ষেত্রে সতর্কতাও জরুরি। বাদুড়ের মাধ্যমে কাঁচা রসে নিপাহ ভাইরাস ছড়াতে পারে। তাই বিশেষজ্ঞরা কাঁচা রস পান না করে ভালোভাবে ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেন।
সময়ের সঙ্গে কমছে খেজুরগাছের সংখ্যা। তাই এই ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজন নতুন করে গাছ রোপণ ও সংরক্ষণ। কারণ খেজুরের রস কেবল একটি পানীয় নয়, এটি বাঙালির শীতকালীন সংস্কৃতি, স্মৃতি ও আবেগের অংশ।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com