২৫ নভেম্বর ২০২৬
preview
ভারত থেকে আ.লীগ কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে : নাহিদ ইসলাম

মো. নূর নবী শেখ

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা এবং চট্টগ্রামে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং ভারতের মাটি থেকে তা পরিচালনা করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নাহিদ এসব কথা বলেন। হামলাকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি ঘটনার তীব্র নিন্দা জানান।

বার্তায় নাহিদ দাবি করেন, চলতি নভেম্বর মাসেই দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলা হয়েছে। তার মতে, অধ্যাপক ইউনূসের সঙ্গে সম্পৃক্ততার কারণে ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করা হলেও প্রতিষ্ঠানটির মালিকানা কাঠামো ভিন্ন বাস্তবতা তুলে ধরে। গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা, আর বাকি ১০ শতাংশের মালিক সরকার। অধ্যাপক ইউনূস ব্যাংকটি প্রতিষ্ঠা ও এর কার্যক্রমের ভিত্তি গড়ে তুলেছেন।

গ্রামীণ ব্যাংকের আন্তর্জাতিক স্বীকৃতির কথাও তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ক্ষুদ্রঋণ কর্মসূচির স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে অধ্যাপক ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে। এ বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল পুরস্কার পাওয়ার ২০ বছর পূর্তি হচ্ছে। ব্যাংক ও দেশের জন্য এই দুটি গুরুত্বপূর্ণ মাইলফলকের সময়ে হামলার ঘটনা ঘটছে।

নাহিদের অভিযোগ, সাম্প্রতিক অগ্নিসংযোগ ও হামলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার ব্যর্থতাও প্রকাশ করেছে। গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করা, হামলা বন্ধ করা এবং জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি করেন তিনি।

আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়েও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন আওয়ামী লীগের কর্মকাণ্ডের নিন্দা জানায়, দলটির মানবাধিকার লঙ্ঘনের পূর্ণ চিত্র স্বীকার করে এবং আনুষ্ঠানিকভাবে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে সরকার পতনের মধ্য দিয়ে শেষ হওয়া অভ্যুত্থানের সময় সর্বোচ্চ এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন।’


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com