home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরছেন বিজরী

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৩

Facebook
Twitter

দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরছেন বিজরী

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী বিজরী বরকত উল্লাহ। একসময় লাইট-ক্যামেরায় ব্যস্ত সময় কাটলেও এখন অভিনয়ে নিয়মিত দেখা যায় না তাকে। পছন্দের চরিত্র ও গল্প পেলেই কেবল অভিনয়ে আগ্রহী হন তিনি। এবার নতুন সিনেমায় অভিনয়ের খবর নিয়ে আবারও আলোচনায় এই অভিনেত্রী।

সম্প্রতি নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’-তে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিজরী। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। পারিবারিক মূল্যবোধ, সম্পর্কের টানাপোড়েন, বাস্তব জীবনের দ্বন্দ্ব ও নানা নাটকীয়তা নিয়ে সাজানো হয়েছে সিনেমাটির গল্প। এতে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সিয়াম আহমেদ, দীপা খন্দকার ও আজিজুল হাকিম প্রমুখ।

সিনেমাটিতে বিজরীর চরিত্রটি কেমন হবে, তা নিয়ে দর্শকের কৌতূহল তৈরি হয়েছে। তবে চরিত্রের বিস্তারিত কিংবা সিনেমায় তার উপস্থিতির ব্যাপ্তি নিয়ে এখনও কিছু প্রকাশ করেননি পরিচালক। অভিনেত্রীর পক্ষ থেকেও পাওয়া যায়নি কোনো বক্তব্য। তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

এর আগে দীর্ঘ বিরতির পর নাটকে অভিনয় করে দর্শকের সামনে এসেছিলেন অভিনেত্রী। তৌসিফ মাহবুব ও সাদনিমা বিনতে নোমানের সঙ্গে বিজরীকে দেখা যায় ‘আপন-পর’ নাটকে। মা ও সন্তানের সম্পর্ক, ভালোবাসা এবং মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। নাটকটিতে তৌসিফ অভিনয় করেন রিফাত চরিত্রে। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এটি পরিচালনা করেন রুবেল হাসান। প্রকাশের প্রথম তিন দিনেই নাটকটি ৮৩ লাখের বেশি দর্শক দেখেছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

বিজরী বরকত উল্লাহর অভিনয়জীবনের শুরু ১৯৮৮ সালে। বাবা মোহাম্মদ বরকত উল্লাহর প্রযোজনায় ‘সুখের ছাড়পত্র’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় তার অভিষেক হয়। পরবর্তীতে ‘কোথাও কেউ নেই’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও রয়েছে তার দীর্ঘ পথচলা। প্রায় ৩৮ বছরের অভিনয়জীবনে অসংখ্য নাটকে কাজ করেছেন তিনি। মঞ্চেও রয়েছে তার উল্লেখযোগ্য অভিজ্ঞতা।

নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্ট— বিভিন্ন মাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে বিজরীর। অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্মের কাজেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন। সব মিলিয়ে নতুন সিনেমা ‘আবার দেখা হলে’ দিয়ে বড়পর্দায় তার উপস্থিতি দর্শকের আগ্রহ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।