_copy7.webp)

বিয়ের সাজে হাতে পিস্তল! জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের এমন ভিন্নধর্মী লুক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তবে বাস্তবে নয়, এটি তার নতুন সিরিজের চরিত্রের সাজ। ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন অরিজিনাল সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’তে দেখা যাবে তাকে।
১০ নভেম্বর চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে সিরিজটির ঘোষণা দিয়ে কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে বিয়ের সাজে পিস্তল হাতে দেখা যায় ফারিণকে। এ সময় তার আশপাশে ছিলেন অভিনেতা আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। তাদের হাতেও দেখা গেছে আগ্নেয়াস্ত্র। নতুন এই লুক প্রকাশের মধ্য দিয়ে সিরিজটিতে তাদের যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে চরকি।
ইমরাউল রাফাতের পরিচালনায় সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। ডার্ক কমেডি ঘরানার গল্প নিয়ে নির্মিত হচ্ছে চরকির এই অরিজিনাল সিরিজ।
দীর্ঘ বিরতির পর ওটিটির কাজে ফিরছেন নির্মাতা ইমরাউল রাফাত। সিরিজটির গল্প ও নির্মাণ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিফহ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে। সিরিজ তো অনেক রকম হয়, এবার আমরা ডার্ক কমেডি জনরাটা বেছে নিয়েছি। আর এটা আমার জন্য পরিচিত জনরা। চ্যালেঞ্জ আছে আর সেটা আমি নিয়ে এসেছি, এবারও নিলাম।’
সিরিজটিতে পার্থ শেখের চরিত্রেও থাকছে ভিন্নতা। নিজের চরিত্র প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘চরিত্রের এমন কিছু লেয়ারস আছে, যা আগে কখনো ডিল করিনি। প্রতিদিন স্ক্রিপ্ট পড়ে পড়ে দেখছি, অভিনয়ের কোন জায়গায় কী করা যায়।’
গান ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ আরফান মৃধা শিবলু। সিরিজটির ঘোষণা প্রকাশের ছবিতে তার হাতে বন্দুক দেখা গেলেও চরিত্রের রহস্য এখনই প্রকাশ করতে চান না তিনি। শিবলু বলেন, ‘এতটা সহজ হবে না। এটা মজার গল্প, এতে সন্দেহ নেই। কিন্তু আমার চরিত্রে সন্দেহ আছে। চরিত্রটা আসলে একেক সময় একেক রকম। এছাড়াও গল্পটি নিয়ে আমার আরেকটা ভালো লাগা আছে। সেটা হলো, এখানে একটা ফ্যামিলির গল্প আছে।’
অন্যদিকে, বেশ কিছুদিন পর সিরিজে ফিরছেন তাসনিয়া ফারিণ। মাঝের সময়টায় সিনেমার কাজে ব্যস্ত ছিলেন তিনি। নতুন ধরনের গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলেন এই অভিনেত্রী। ‘ডাকাতিয়া বাঁশি’তে তার চরিত্রের নাম ক্যামেলিয়া।
নিজের চরিত্র প্রসঙ্গে ফারিণ বলেন, ‘আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু আনকমন। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক এলিমেন্ট আছে। সিরিজে আমার কখনো কমেডি করা হয়নি, এটা হতে যাচ্ছে ফার্স্ট টাইম। থ্রিলার, মার্ডার-মিস্ট্রি অনেক তো হচ্ছে ওটিটিতে, তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শকরাও রিফ্রেশড হবেন, নতুন কিছু হবে আমার জন্যও।’
সিরিজটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল।
ডার্ক কমেডি ঘরানার এই সিরিজ নির্মাণের কারণ ব্যাখ্যা করেছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মে ডার্ক থ্রিলার বা মিস্ট্রি প্রায়ই দেখা যায়, কিন্তু ডার্ক কমেডি কম। সেজন্যই এবার এই ধরনের কাজ দর্শকদের জন্য নিয়ে আসা। চরকি বরাবরই দর্শকদের ভিন্ন স্বাদের কনটেন্ট দিয়ে আসছে। আমি মনে করি, ছকভাঙা “ডাকাতিয়া বাঁশি” সিরিজটিও দর্শকদের নতুন রকমের মজা দেবে।’
চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা জানিয়েছেন, সিরিজটি প্রচলিত অর্থে থ্রিলার না হলেও দর্শকদের চমকে দেওয়ার মতো অনেক উপাদান থাকছে এতে। গল্পে থাকবে নানা চমক ও সারপ্রাইজ। চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই প্ল্যাটফর্মটিতে মুক্তি পেতে পারে ‘ডাকাতিয়া বাঁশি’।
শোবিজ নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)




সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।