home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর চার দিন ঘরবন্দি ছিলেন রাধিকা আপ্তে

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০১

Facebook
Twitter

অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর চার দিন ঘরবন্দি ছিলেন রাধিকা আপ্তে

বলিউডের অভিনেত্রী রাধিকা আপ্তে বরাবরই সাহসী ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতেও আপত্তি নেই তার। তবে প্রায় এক দশক আগে নিজের অভিনীত একটি অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল, তা আজও মনে আছে অভিনেত্রীর। সম্প্রতি সেই সময়ের কথা জানিয়ে রাধিকা বলেন, ভয়ে টানা চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি তিনি।

গত ১৮ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে রাধিকা অভিনীত ‘লাস্ট স্টোরিজ থ্রি’। সিরিজটির প্রচারে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেন অভিনেত্রী।

রাধিকার ভাষ্য, কোনো অভিনেতা একটি দৃশ্যে অভিনয় করার সময় যতটা প্রস্তুত থাকেন, সেটি অনুমতি ছাড়া ছড়িয়ে পড়লে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। তার ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর চার দিন ঘর থেকে বের হতে পারেননি তিনি।

রাধিকা বলেন, ‘একবার আমার করা একটি দৃশ্য ফাঁস হয়ে যায়। এরপর আক্ষরিক অর্থেই চার দিন বাড়ি থেকে বের হতে পারিনি। সমস্যা হলো, বিষয়টি খুব দ্রুত আপনার ব্যক্তিগত জীবনে ঢুকে পড়তে পারে। আপনার দরজার ঘণ্টা বাজতে পারে। দরজার বাইরে এমন কেউ দাঁড়িয়ে থাকতে পারে, যে ওই দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়েছে। তাই বিষয়টি এত সহজ নয়। এটি অনেক বেশি জটিল।’

ঘটনাটি শুধু তার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আশপাশের মানুষজনও ফাঁস হওয়া ভিডিওটি দেখেছিলেন। এ কারণে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অভিনেত্রী।

সেই সময়ের কথা স্মরণ করে রাধিকা জানান, তার স্টাইলিস্ট এক দিন বলেছিলেন, তার গাড়িচালক ফাঁস হওয়া ক্লিপটি বারবার দেখছিলেন। এমনকি তাকে প্রশ্নও করেছিলেন, ‘আপনি ওনার বাড়িতে যাচ্ছেন?’

রাধিকা আরও বলেন, তার ওয়াচম্যানও ভিডিওটি দেখেছিলেন। এ ধরনের ঘটনা ঘটতে শুরু করায় পরিস্থিতি সামলানো কঠিন হয়ে উঠেছিল। নিজের ব্যক্তিগত পরিসরে বিষয়টি যেভাবে ঢুকে পড়েছিল, তাতে তিনি ভীষণ অস্বস্তিতে ছিলেন।

তখন একা একটি অ্যাপার্টমেন্টে থাকতেন রাধিকা। তাই নিরাপত্তার বিষয়টি নিয়ে আরও বেশি চিন্তিত হয়ে পড়েছিলেন তিনি। নিজের গাড়িচালক ও স্পট দাদার সঙ্গে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

রাধিকার কথায়, ‘আমি আমার গাড়িচালক এবং স্পট দাদাকে ডেকে বলেছিলাম, একটি ক্লিপ ফাঁস হয়েছে। তোমরা কি সেটা দেখেছো? যদি না দেখে থাকো, তাহলে আমি তোমাদের পাঠিয়ে দেব, দেখে নিও। এতে তোমরা যদি স্বাচ্ছন্দ্যবোধ করো, তাহলে তোমরা আমাকে নিরাপত্তা দেবে। আর যদি তা না পারো, তাহলে আমার সঙ্গে কাজ করো না। এই যে তোমাদের বেতন, তোমরা চলে যেতে পারো।’

তবে তার কথা শুনে ওই দুই কর্মী পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। রাধিকা বলেন, ‘আমি তখন সত্যিই খুব ভয় পেয়েছিলাম। কারণ, সেই সময় আমি একটি অ্যাপার্টমেন্টে একাই থাকতাম। তাই বিষয়টি বেশ জটিল হয়ে উঠতে পারত।’

অভিনেত্রীর এই অভিজ্ঞতা সামনে আসার পর আবারও আলোচনায় এসেছে চলচ্চিত্রের অন্তরঙ্গ দৃশ্য ও শিল্পীদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি। রাধিকার বক্তব্য, পর্দায় অভিনীত কোনো দৃশ্য যখন একজন শিল্পীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তার প্রভাব শুধু কাজের জায়গায় নয়, ব্যক্তিগত জীবনেও পড়তে পারে।

‘লাস্ট স্টোরিজ থ্রি’-তে রাধিকা আপ্তের সঙ্গে অভিনয় করেছেন বিজয় বর্মা, অভিষেক ব্যানার্জি ও কোঙ্কণা সেন শর্মা। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত অ্যান্থলজি সিরিজটি নেটফ্লিক্সে দেখা যাচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।