home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন ‘আম্মাজান’খ্যাত শবনম

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৯

Facebook
Twitter

আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন ‘আম্মাজান’খ্যাত শবনম

ক্যারিয়ার শুরু করেছিলেন পাকিস্তানে। দেশটির সিনেমার ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় অভিনেত্রী বলা হয় তাকে। দেশ স্বাধীনের পর বাংলাদেশের সিনেমায় নিয়মিত হন। অনেক সিনেমাই তাকে কালজয়ী করেছে। তবে কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমায় নায়ক মান্নার মায়ের চরিত্রে অভিনয় করে তিনি সবার কাছে আম্মাজান হিসেবে সমাদৃত হন। বলছি কিংবদন্তি অভিনেত্রী শবনমের কথাই।

বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন অভিনেত্রী। প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের নামে প্রবর্তিত সম্মাননায় এবার তাকে দেওয়া হচ্ছে আজীবন সম্মাননা। খবরটি শুনে আনন্দে ভরে উঠেছে বর্ষীয়ান এই অভিনেত্রীর মন। তবে শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

প্রয়াত কণ্ঠশিল্পী বশির আহমেদের জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ২০১৯ সালে ‘বশির আহমেদ সম্মাননা’ চালু করেন তার দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশির। সারগাম সাউন্ড সিস্টেমের আয়োজনে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নিয়মিত এই সম্মাননা দেওয়া হয়। এরপর দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ নানা কারণে তিন বছর বন্ধ ছিল আয়োজনটি। বিরতি কাটিয়ে এবার আবারও ফিরছে এই সম্মাননা।

আগামী ১৮ নভেম্বর বশির আহমেদের জন্মদিনে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বসবে এবারের আয়োজন। বিকেল ৪টায় শুরু হতে যাওয়া অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা শিল্পীদের সম্মাননা জানানো হবে। পাশাপাশি শবনমের হাতে তুলে দেওয়া হবে আজীবন সম্মাননা।

সম্মাননা পাওয়ার খবরে আবেগাপ্লুত শবনম বলেন, তার অভিনীত বেশ কয়েকটি সিনেমায় গান গেয়েছেন বশির আহমেদ। গানগুলো জনপ্রিয়তাও পেয়েছে। পাকিস্তান ও বাংলাদেশ- দুই দেশেই শিল্পীর সঙ্গে দেখা হয়েছে তার। বশির আহমেদকে গুণী শিল্পী ও সুন্দর মনের মানুষ হিসেবে স্মরণ করেন অভিনেত্রী। তার কাছ থেকে পাওয়া প্রশংসার স্মৃতিও মনে রেখেছেন তিনি।

শবনম বলেন, বশির আহমেদের দুই সন্তান কিছুদিন আগে তার সঙ্গে দেখা করে বাবার নামে চালু করা সম্মাননা পদকে ভূষিত করার ইচ্ছার কথা জানান। খবরটি শুনে আনন্দে ভরে যায় তার মন। তবে শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে যেতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তারপরও সম্মাননা গ্রহণের জন্য অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

হোমায়রা বশির বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে শবনমের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষায়, বশির আহমেদকে ছাড়া যেমন বাংলাদেশের গানের ইতিহাস অসম্পূর্ণ, তেমনি শবনমকে ছাড়াও দেশের চলচ্চিত্রের ইতিহাস রচনা সম্ভব নয়। অভিনেত্রীর হাতে বাবার নামে প্রবর্তিত আজীবন সম্মাননা তুলে দিতে পেরে তারা আনন্দিত।

রাজা বশির জানান, কয়েক বছর বিরতির পর আবারও বাবার নামে সম্মাননা আয়োজন করতে পেরে তারা খুশি। সবার সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, বশির আহমেদের কণ্ঠে জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘অনেক সাধের ময়না আমার’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘ডেকো না আমারে তুমি’, ‘যারে যাবি যদি যা’ ও ‘সজনী গো ভালোবেসে এত জ্বালা’। বাংলা গানের ইতিহাসে এসব গান এখনো শ্রোতাদের কাছে সমাদৃত।

 



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।