_copy7.webp)
.webp&w=2048&q=75)
দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদান শেষে আগামী ১৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সন্ধ্যা সোয়া ৭টার দিকে স্থায়ী কমিটির এই বৈঠক শুরু হয়।
রুহুল কবীর রিজভী জানান, বৈঠকে নতুন সদস্য হিসেবে তিনি, ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও চিকিৎসক ডোনার প্রথমবারের মতো জাতীয় স্থায়ী কমিটির সভায় অংশ নেন।
বৈঠকে আগের সভার বিভিন্ন বিষয় নিশ্চিত করার পাশাপাশি যেসব বিষয় মীমাংসিত হয়নি, সেগুলো নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ডেঙ্গু পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়।
রিজভী বলেন, শনিবার সকালে প্রধানমন্ত্রী সারাদেশের জেলা ও উপজেলার সঙ্গে যুক্ত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে তিনি যেসব কার্যক্রম নিয়েছেন, সেগুলো সঠিকভাবে বাস্তবায়নের বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলো নিয়েও আলোচনা হয়েছে এবং তাকে ধন্যবাদ জানানো হয়েছে।
তিনি বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহ করা হবে। ডেঙ্গু প্রতিরোধ ও ডেঙ্গু সংক্রমণ থেকে দেশের মানুষকে রক্ষায় প্রধানমন্ত্রীর নেওয়া উদ্যোগগুলোর মধ্যে এটিও অন্যতম।
ডেঙ্গু প্রতিরোধে বিএনপি নিজস্বভাবে জনসচেতনতামূলক কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে রিজভী বলেন, দেশের নামকরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের মাধ্যমে একটি প্রচারপত্র তৈরি করা হবে। সেটি ঢাকাসহ সারাদেশে বিতরণ করবে বিএনপি।
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, গার্লস গাইড, স্কাউট এবং শিক্ষার্থীদের ডেঙ্গু সচেতনতা তৈরিতে সম্পৃক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রীর আহ্বান নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
রিজভী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করা হবে। এসব অনুষ্ঠান বারবার প্রচার করা হবে। দল ও সরকারের নেওয়া ডেঙ্গু প্রতিরোধমূলক এবং সচেতনতামূলক কর্মসূচিগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বিএনপি প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
ডেঙ্গু প্রতিরোধে আবর্জনা ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দিয়েছে বিএনপি। রিজভী বলেন, স্কুল, মাদরাসা, কলেজ ও হাট-বাজারে আবর্জনা রাখার জায়গা থাকে না। সেখানে আবর্জনা রাখার জন্য বিন স্থাপনের আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্ট স্কুল, মাদরাসা ও কলেজ কর্তৃপক্ষ এবং হাট-বাজারের কমিটিগুলোকে এ ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে দল থেকে এসব বিষয় পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।
রিজভীর ভাষ্য, যেখানে আবর্জনা জমে সেখানে মশা তৈরি হয় এবং সেখান থেকে এডিস মশার বিস্তার ঘটতে পারে। তাই নির্দিষ্ট বিনে আবর্জনা রাখার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে বিএনপি সচেতনতামূলকভাবে কাজ করবে।
ডেঙ্গু ছাড়াও সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান রিজভী। দলের বিভিন্ন কমিটিতে কেউ মারা গেছেন, কেউ বিভিন্ন কারণে দলের মধ্যে নেই, আবার কেউ বহিষ্কৃত হয়েছেন—এভাবে যেসব শূন্যপদ সৃষ্টি হয়েছে, সেগুলো পূরণের বিষয়টি বৈঠকে আলোচনা হয়।
রিজভী বলেন, এসব শূন্যপদে সংশ্লিষ্ট কমিটির ‘ইমিডিয়েট নিচে’ যারা আছেন, তাদের পদোন্নতি দেওয়া যায় কি না, তা দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দেখা হবে। গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৈঠকে বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য আসনের নির্বাচন নিয়েও সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৯ অক্টোবর ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান রিজভী।
তিনি বলেন, ওই নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করতে পারবেন প্রার্থীরা। ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দিতে হবে।
১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটিই মনোনয়ন বোর্ড হিসেবে দায়িত্ব পালন করবে। ওই সভায় চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।
রিজভী বলেন, ২৯ অক্টোবরের শূন্য আসনের নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের জন্য এটিই বিএনপির দলীয় সময়সূচি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, সাংগঠনিক শূন্যপদ পূরণের বিষয়ে আলোচনা হলেও কাউন্সিল নিয়ে কোনো আলোচনা হয়নি।
কথোপকথন নিয়ে আরও পড়ুন

.webp&w=2048&q=75)



সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।