home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


তাড়াইলে ডেঙ্গু ঠেকাতে মাঠে প্রশাসন, পরিচ্ছন্নতার বার্তা নিয়ে র‍্যালি

মো. নূর নবী শেখ
মাহবুবুর রহমান রানা, তাড়াইলকলম২৪.কম

আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৭

Facebook
Twitter

তাড়াইলে ডেঙ্গু ঠেকাতে মাঠে প্রশাসন, পরিচ্ছন্নতার বার্তা নিয়ে র‍্যালি

ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন নয় —পরিচ্ছন্নতাই হতে পারে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। সেই বার্তা সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে একযোগে পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, মশকনিধন ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর) তাড়াইল উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়।

শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি কোথায় কোথায় এডিস মশার প্রজননের সম্ভাবনা রয়েছে তা চিহ্নিত করে মশকনিধন অভিযান পরিচালনা করা হয়।

পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বের করা হয় একটি সচেতনতামূলক র‍্যালি। র‍্যালিটি তাড়াইল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা,পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানান।

‘নিজের বাড়ির আঙিনা থেকেই শুরু হোক ডেঙ্গু প্রতিরোধ’কর্মসূচিতে বক্তারা বলেন,ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। একটি বাড়ির আঙিনায় জমে থাকা সামান্য পানিও এডিস মশার প্রজননস্থলে পরিণত হতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধের দায়িত্ব শুধু প্রশাসন বা পৌর কর্তৃপক্ষের নয়—প্রতিটি নাগরিককেই এ বিষয়ে দায়িত্বশীল হতে হবে।

বক্তারা বলেন, বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, পুরোনো টায়ার কিংবা অন্য কোনো স্থানে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। একই সঙ্গে নিজ বাড়ির পাশাপাশি আশপাশের পরিবেশের দিকেও নজর দিতে হবে।


বক্তারা আরও বলেন,শুধু মশকনিধন অভিযান চালিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক অংশগ্রহণ বাড়াতে হবে। প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগই পারে ডেঙ্গুর ঝুঁকি কমাতে।


সরকারের ঘোষিত এ কর্মসূচি ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। কর্মসূচির আওতায় প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান,এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

তাড়াইলে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জিসান আলী, তাড়াইল থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রাশেদুজ্জামান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমীন,উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়, ডা.তানভীর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান,ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম,বাংলাদেশ গণঅধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম বাকি,তাড়াইল সহিলাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া, সহিলাটী আবদুল হালিম হোসাইনিয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আনোয়ার হোসেনসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

তাড়াইল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে,একদিনের পরিচ্ছন্নতা অভিযান কিংবা র‍্যালির মধ্যে কর্মসূচি সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা প্রয়োজন।

স্থানীয়রা বলেন,ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই মূলত মশার বিরুদ্ধে নয়, অসচেতনতার বিরুদ্ধেও। প্রশাসনের উদ্যোগের সঙ্গে সাধারণ মানুষ নিজেদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখলে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

তাড়াইলে ডেঙ্গু প্রতিরোধের এ অভিযান শুধু একটি দিনের কর্মসূচি না হয়ে নিয়মিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতার সামাজিক আন্দোলনে পরিণত হবে এমন প্রত্যাশা স্থানীয়দের।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।