_copy7.webp)

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর টুঙ্গিপাড়ার পাটগাতি দক্ষিণ পাড়ার বাড়িসহ তাঁর আত্মীয়-স্বজনের অন্তত ১৫টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব বাড়িতে আগুন দেন। এর আগে সেখানে ভাঙচুর করা হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আগুন দেওয়ার আগে বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকে বন্ধ রয়েছে থানার কার্যক্রম। হামলার সময়ই থানা থেকে চলে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা। হামলাকারীদের দেওয়া আগুনে পুলিশের ৯টি সরকারি গাড়ি পুরোপুরি পুড়ে গেছে।
আজ দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, পাটগাতিতে সংসদ সদস্য এস এম জিলানীর পুড়িয়ে দেওয়া বাড়ি থেকে এখনো ধোঁয়া উড়ছে। মধুমতি নদীর তীরে আড়াই তলা পাকা বাড়ির সব জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। কিছুই আর অক্ষত নেই। পাশেই তাঁর পৈত্রিক টিনের ঘরও ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর চাচাতো ভাই এস এম মাহমুদের বাড়িসহ ১৪ জন আত্মীয় স্বজনের বাড়ি পোড়ানো হয়েছে। বেশিরভাগ বাড়ি টিনের তৈরি।
সংসদ সদস্যের মেজো ভাই এস এম হায়দার আলী সমকালকে বলেন, বাড়িতে তিন বোন ও তাদের ছেলেমেয়েরা ছিলেন। মঙ্গলবার রাত ৯ টার দিকে কয়েকশ' লোক লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির দিকে ছুটে আসে। তখন আমরা প্রাণভয়ে পালিয়ে যাই।
সংসদ সদস্যের বড় বোন সেতারা কবির অভিযোগ করেন, আগুন দেওয়ার আগে বাড়ি থেকে দুটি ফ্রিজ, তিনটি ওভেন ও ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার লুট করা হয়।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এসকান্দার শেখ জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে যেতে পারেননি। কারণ স্টেশনের সামনেই বিক্ষোভ করছিলেন একদল লোক। পরে রাত ৯টা ৫৫ মিনিটে তারা সংসদ সদস্যের বাড়িতে পৌঁছান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ২টা ১০ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে বিক্ষোভকারীদের বাধার কারণে তারা টুঙ্গিপাড়া থানায় দেওয়া আগুন নেভাতে যেতে পারেননি।
এদিকে দুপুর দুইটার দিকে টুঙ্গিপাড়া থানায় গিয়ে যায়, সেখানে কোনো পুলিশ সদস্য নেই। পাশের পুলিশ অফিসার্স মেস থেকে জিনিসপত্র নিয়ে ভ্যানে করে চলে যাচ্ছিলেন সেখানে থাকা পুলিশ সদস্যরা। ভ্যানে থাকা জিনিসপত্রের মধ্যে সরকারি আগ্নেয়াস্ত্র, পুলিশের হেলমেট এগুলো দেখা গেছে। পুলিশ সদস্যরা সবাই ছিলেন সাদা পোশাকে।
একাধিক পুলিশ সদস্য জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের নিরাপদ স্থানে চলে যেতে বলেছেন। তবে তারা তাদের গন্তব্য জানাননি।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এর প্রতিবাদে থানা ঘেরাও করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে থানায় ভাঙচুর চালান। এক পর্যায়ে তারা থানায় ছাত্রলীগ নেতাকর্মীদের ছিনিয়ে নেন। পরে থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে দুই তলা থানা ভবনের সবগুলো ঘর এবং ভেতরে থাকা সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
পুলিশ সদস্যরা অভিযোগ করেন, থানা থেকে সরকারি অস্ত্রসহ কম্পিউটার ও অন্যান্য জিনিসপত্র লুট করা হয়েছে।
এদিকে গোপালগঞ্জ শহর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা যায়নি।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন



.webp&w=2048&q=75)

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।