home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


লীগ পুনর্বাসন ও দলীয় নেতাকর্মীদের হয়রানির অভিযোগ বিএনপির এমপির বিরুদ্ধে

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ২২:০৬

Facebook
Twitter

লীগ পুনর্বাসন ও দলীয় নেতাকর্মীদের হয়রানির অভিযোগ বিএনপির এমপির বিরুদ্ধে

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন করছেন। আর এসব নিয়ে কথা বললেই মামলা, বহিষ্কার করে হয়রানি করছেন বলে অভিযোগ করেছেন নিজ দলের নেতাকর্মীদের।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরীর অলোকার মোড়ের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে বিএনপির নেতাকর্মীরা। রাজশাহী-৫ আসনের ভুক্তভোগী বিএনপির নেতাকর্মীর ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে পুঠিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার সরকার আল-আমীন, বানেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম নবী ও সাবেক ছাত্রনেতা আহসান হাবিব কথা বলেন। এমপির কথায় তাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা রেকর্ড করায় তারা পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলামের প্রত্যাহারও দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, এমপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের সংসদ ভবনে দেখা করতে নিয়ে যান। সেদিন তার সঙ্গে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পল্লব সেনগুপ্ত ও আওয়ামী লীগকর্মী মাজহারুল ইসলাম মিন্টুকে সঙ্গে নিয়ে যান। তাদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ায় বিএনপির নেতাকর্মীরা হতাশ হয়েছেন। কারণ, এটি প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্যও ছিল হুমকি।

লিখিত বক্তব্যে বলা হয়, পুঠিয়া-দুর্গাপুরের বেশিরভাগ সরকারি পুকুর এমপি নজরুল ইসলাম মন্ডল আওয়ামী লীগের একজন অর্থদাতাকে দিয়ে চাষ করাচ্ছেন। টাকার বিনিময়ে তিনি ‘ফ্যাসিবাদ ও রাজাকার ঘরানার লোকদের’ ডিলার নিয়োগ দিতে নজরুল ইসলাম মন্ডল তার প্যাডে এদের নাম ১ নম্বর সিরিয়ালে রেখে ডিলারশিপ পেতে সাহায্য করেছেন। এরমধ্যে পুঠিয়া ইউনিয়নে আওয়ামী লীগের রিশাদ হোসেন কেতাব ডিলারশিপ পেয়েছেন। পুঠিয়া পৌরসভা এলাকায় ডিলারশিপ পেয়েছেন শাহেদ হাসান। তার বাড়ি ময়মনসিংহ। তিনি এমপি নজরুল ইসলাম মন্ডলের নাতিজামাই। এমপির সুপারিশে ভাল্লুকগাছি ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন শফিউল ইসলাম। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতি করেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে এমপি নজরুল ইসলাম মন্ডল তার পরিবারের সদস্য, ফ্যাসিবাদের দোসর কিংবা জামায়াতের কাউকে সভাপতি ও সদস্য মনোনীত করেছেন। বিভিন্ন সরকারি ও দলীয় অনুদান, ঈদের সময়ের বিশেষ বরাদ্দ এবং উন্নয়ন কাজের থোক বরাদ্দগুলো তিনি কোথায় কীভাবে খরচ করেন তা দৃশ্যমান নয়। এ বিষয়ে প্রশ্ন করায় দুর্গাপুর পৌর ছাত্রদল ও যুবদলের চারজন নেতাকে বিএনপি নেতাদের দ্বারা বহিষ্কার করিয়েছেন বলেও অভিযোগ করা হয়।

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগ তুলে দেলোয়ার সরকার আল-আমীন বলেন, এমপির নানা অনিয়ম ও আওয়ামী প্রীতির ব্যাপারে দলীয় নেতাকর্মীদের কেউ ফেসবুকে মন্তব্য করলে তাকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এরমধ্যে গত ১৩ আগস্ট বিড়ালদহ পশ্চিমপাড়া গ্রামের একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে তাঁকেসহ বিএনপির নয়জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই দাবি করে তিনি বলেন, এমপির কথায় তাঁকে হয়রানি করতেই এ মামলা করা হয়েছে।

এ ছাড়া গত ১১ অক্টোবর চারজন নেতাকর্মীর বিরুদ্ধে সাইবার আইনে মামলা করা হয়েছে। এসব মামলার পেছনে সংসদ সদস্যের চাপ রয়েছে এবং পুঠিয়া থানার ওসি সহযোগিতা করছেন বলে দাবি করেন দেলোয়ার। তাঁর অভিযোগ, এ মামলার বাদী খন্দকার সোহেল মাহমুদ ফ্যাসিবাদের দোসর। তিনি সাবেক ছাত্রলীগ নেতা হাবিব খানের সঙ্গে তার ছবি দেখান। দেলোয়ার দাবি করেন, উপজেলা বিএনপির আহ্বায়কসহ কয়েকজন নেতা ওসির সঙ্গে যোগাযোগ করলে তিনি সংসদ সদস্যের চাপে মামলা নেওয়ার কথা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রনেতা আহসান হাবিব বলেন, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিব খান এমপি নজরুল ইসলাম মন্ডলের ভাতিজা আজাদ মন্ডলের জামাতা। হাবিব খান শ্বশুরবাড়িতে থেকেই সরকার পতনের হুংকার দিচ্ছেন। এ ব্যাপারে এমপি নজরুল ইসলাম মন্ডল কী পদক্ষেপ নিয়েছেন তা জানতে চেয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। এ জন্য তাকেও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

বানেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম নবী সংবাদ সম্মেলনে বলেন, ‘নির্বাচনের আগে পুঠিয়া-দুর্গাপুরে নজরুল ইসলাম মন্ডল ছাড়াও আরও অনেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। যারা নজরুল ইসলাম মন্ডলের পক্ষে ছিলেন না, তাদেরই হয়রানি করা হচ্ছে। আর পুনর্বাসন করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের।’
সংবাদ সম্মেলন থেকে এসব অভিযোগের তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলামের প্রত্যাহার দাবি করা হয়।

এসব বিষয়ে কথা বলতে সোমবার দুপুরে এমপি নজরুল ইসলাম মন্ডলের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা সম্ভব হয় নি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।