_copy7.webp)
.webp&w=2048&q=75)
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। ২০২৪ সালের মতো গণতন্ত্রকামী সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি সন্ত্রাসী গোষ্ঠী জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশ শাসন করেছে। ওই সময়ে মানুষের কথা বলার ও ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের মানুষ আর নিশিরাতের নির্বাচন, ভোট দখল কিংবা একতরফা নির্বাচন দেখতে চায় না।
তিনি বলেন, যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তারা তিস্তা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়ন করেনি। লালমনিরহাট অঞ্চলে গ্যাস সংযোগ কিংবা ইপিজেড স্থাপনের উদ্যোগও নেয়নি। কারণ, দেশের মানুষের প্রতি তাদের কোনো দরদ ছিল না।
অর্থপাচারের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও ওই গোষ্ঠী দেশের স্বার্থের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার, বাক্স্বাধীনতা এবং গুম-খুনের রাজনীতির বিরুদ্ধে যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, তা আবার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। জনগণকে প্রশ্ন রেখে তিনি বলেন, মানুষ কি আবার গুম-খুন, ভোটাধিকার হরণ ও বাক্স্বাধীনতা কেড়ে নেওয়ার রাজনীতি মেনে নেবে?
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে ওই গোষ্ঠী মানুষের সম্পত্তি লুটপাট ও নির্যাতন করেছে। দেশ ছেড়ে পালানোর পরও অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতি চালিয়ে যাচ্ছে। তার ভাষায়, ক্ষমতা ধরে রাখতে তারা এক হাজার ৪০০ মানুষ ও ৬০ শিশুকে হত্যা করেছে।
তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুন কিংবা ভোট দখলের রাজনীতিতে ফিরতে চায় না। তারা নিরাপত্তা, স্বস্তি এবং ব্যক্তি ও দেশের অগ্রগতি চায়। এজন্য ২০২৪ সালে গণতন্ত্রের পক্ষে যারা ঐক্যবদ্ধ হয়েছিল, সব রাজনৈতিক দলকে আবারও একসঙ্গে হওয়ার আহ্বান জানান তিনি।
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার খাল খনন, শিল্পকারখানা গড়ে তোলা, উৎপাদন বৃদ্ধি, কৃষির উন্নয়ন এবং শিক্ষার প্রসারে কাজ করতে চায়। পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাও সরকারের অন্যতম লক্ষ্য।
লালমনিরহাটবাসীর উদ্দেশে তিনি বলেন, এ অঞ্চলের মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও তারা গণতন্ত্রের পক্ষে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সব গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দিতে হবে। তাঁর মতে, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়নসহ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা।
জাতীয় নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)

_copy1.webp&w=2048&q=75)





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।