home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ঐক্যের খসড়া চূড়ান্তে বৈঠকে বসছে কওমি ঘরানার ৭ ইসলামি দল

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদককলম২৪.কম

আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

Facebook
Twitter

ঐক্যের খসড়া চূড়ান্তে বৈঠকে বসছে কওমি ঘরানার ৭ ইসলামি দল

কওমি ঘরানার সাত ইসলামি রাজনৈতিক দলের সম্ভাব্য ঐক্যের খসড়া রূপরেখা প্রস্তুত করা হয়েছে। এটি চূড়ান্ত করতে রোববার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় বৈঠকে বসছেন দলগুলোর শীর্ষ নেতারা।

সকাল ১০টায় শুরু হতে যাওয়া এ বৈঠকে ঐক্য প্রক্রিয়ায় যুক্ত সাত দলের প্রতিটি থেকে পাঁচজন করে প্রতিনিধি অংশ নেবেন। বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমানসহ সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

হেফাজত সূত্র জানায়, সাত দলের পৃথক প্রস্তাব সমন্বয় করে একটি খসড়া রূপরেখা তৈরি করেছে এ জন্য গঠিত উপকমিটি। রোববারের বৈঠকে সেটি উপস্থাপন করা হবে। আলোচনার মাধ্যমে ঐকমত্য হলে সেদিনই রূপরেখাটি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

ঐক্য প্রক্রিয়ায় থাকা দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

জামায়াত প্রসঙ্গে মতভেদ

ঐক্যের রূপরেখা চূড়ান্তের আগে জামায়াতে ইসলামী ও অন্য রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্কের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জমিয়তে উলামায়ে ইসলাম জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক না রাখার প্রস্তাব দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশও অন্য কোনো রাজনৈতিক পক্ষের সঙ্গে সমঝোতা বা ঐক্য না করার অবস্থান জানিয়েছে।

অন্যদিকে খেলাফত মজলিস সমমনা ইসলামি দলগুলোর সঙ্গে একসঙ্গে পথচলার গুরুত্ব তুলে ধরেছে। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি অন্য জোটে থাকা নিয়ে শর্ত আরোপের পক্ষে নয়। আর বাংলাদেশ খেলাফত মজলিস রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে দলগুলোর স্বাধীনতা রাখার পক্ষে।

ফলে জামায়াত থেকে দূরত্ব রাখা এবং রাজনৈতিক সিদ্ধান্তে দলগুলোর স্বাধীনতা—এই দুই অবস্থানের মধ্যে সমন্বয় করাই রূপরেখা চূড়ান্তের ক্ষেত্রে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

দফায় দফায় বৈঠক

গত ১৬ জুলাই ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগরে সাত দলের নেতাদের বৈঠকের মধ্য দিয়ে ঐক্য প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই বৈঠকে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পথচলার বিষয়ে নীতিগতভাবে একমত হন নেতারা।

পরে দলগুলোর প্রস্তাব পর্যালোচনা ও সমন্বয়ের জন্য হেফাজতের উদ্যোগে সাত সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। উপকমিটি ঢাকায় দুবার এবং চট্টগ্রামে একবার বৈঠক করে। সর্বশেষ ১ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসায় বৈঠকে সাত দলের পৃথক প্রস্তাব নিয়ে আলোচনা করে সমন্বিত খসড়া রূপরেখা তৈরির কাজ শেষ করা হয়।

হেফাজতের নেতারা আশা করছেন, রোববারের বৈঠকেই মতভেদগুলো দূর করে ঐক্যের রূপরেখা চূড়ান্ত করা সম্ভব হবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।