_copy7.webp)

তিন বছর আগেও আমরা চিন্তা করিনি একটা স্বাভাবিক জীবন পাব বলে স্বস্তি প্রকাশ করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
১৭ থেকে ১৮ বছর বাংলাদেশে ভালো ইতিহাস ছিল না দাবি করে তিনি বলেন, “আমরা একেকজন একেকভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছি। আজকে একটা আমাদের স্বাভাবিক জীবন এসেছে।
“এই স্বাভাবিক জীবন পাব গত তিন বছর আগেও আমরা চিন্তা করিনি, কিন্তু আমরা পেয়েছি। এই স্বাভাবিক জীবনটাই হল আমাদের ধরে রাখা। ধরে রাখতে গেলে এতদিন রাজনৈতিক যুদ্ধ করেছি, এখন জীবন যুদ্ধে এগিয়ে যেতে হবে।”
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব বলেন তিনি। এতে ২৫ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এ্যানি বলেন, “তারেক রহমানের হাতকে শক্তিশালী করাটাই এ মুহূর্তে খুব জরুরি। কারণ দেশের প্রয়োজন আছে, মানুষের জন্য নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে হবে। ১৭ বছরের বর্ণনা করার প্রয়োজন নেই।
“আমি-আপনি আন্দোলন করে সরকার গঠন করেছি। নির্বাচনি প্রক্রিয়া ছিল না। আজকে নির্বাচনি প্রক্রিয়া নতুনভাবে শুরু করেছি। এই যাত্রা অনেক দূর নিয়ে যেতে হবে। অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করেই টার্গেট পয়েন্টে পৌঁছাতে হবে। সেজন্য যে যেখানে আছি না কেন, আমাদের দায়িত্ব হল সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে নিজেদের ঐক্য ঠিক রেখে সামনের দিনগুলো পার করা।”
পানিসম্পদ মন্ত্রী বলেন, “দলমত নির্বিশেষে চেষ্টা করব দেশের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখতে। তাহলে অন্তত রুটিং ওয়ার্কও যদি আমরা করে যেতে পারি বাংলাদেশে উন্নয়ন সম্ভব।”
নিজ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বিএনপি নেতা বলেন, “সারা দেশে আমরা যেভাবে কাজ শুরু করেছি, এতটুকু বলতে পারি প্রধানমন্ত্রী তারেক রহমান তার মহতী উদ্যোগ নিয়ে যাত্রা শুরু করেছেন।
“ওনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় মাত্র সাড়ে তিন বছরে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছেন। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কাছ থেকে আপনারা দেখেছেন, তার নেতৃত্ব ও সংগ্রামী জীবন।
“আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তিনি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সবশেষ আমাদের থেকে বিদায় নিয়েছেন। একই পরিবারের একজন তিনবারের প্রধানমন্ত্রী, একজন জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন, আরেকজন এখন নির্বাচিত প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে আজ দেশ পরিচালিত হচ্ছে।”
লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান উপস্থিত ছিলেন।
রাজনীতি নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।