_copy7.webp)

মস্তিষ্কের টিউমার ধরা পড়ার পর দীর্ঘ চিকিৎসা ও বিশ্রামে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। শারীরিক অসুস্থতার কারণে অভিনয় থেকেও দূরে রয়েছেন তিনি। তবে চিকিৎসার পাশাপাশি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন এই অভিনেত্রী। বর্তমানে তার চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফেসবুক লাইভে এসে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তানিয়া বৃষ্টি। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘অসুস্থ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। কেমোথেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হয়েছে, এখন চতুর্থ মাসের কেমো চলছে।’
অভিনেত্রী জানান, আরও দুই মাস কেমোথেরাপি চলবে। এরপর কিছু নতুন পরীক্ষা করা হবে। পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসকেরা পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এদিকে মানসিক প্রশান্তির জন্য বর্তমানে ঢাকার আশপাশের একটি রিসোর্টে সময় কাটাচ্ছেন তানিয়া। গ্রামীণ পরিবেশের শান্ত ও স্নিগ্ধ আবহে থেকে নিজেকে মানসিকভাবে চাঙ্গা করে তোলার চেষ্টা করছেন তিনি। দীর্ঘদিন পর ফেসবুক লাইভে তার সরব উপস্থিতি ভক্তদের মধ্যেও স্বস্তি ও আশার সঞ্চার করেছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে চিকিৎসকদের পরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ওই মাসেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার করা হয়।
দীর্ঘ চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন তানিয়া। এরপর থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশ্রামে ছিলেন তিনি। এখন চিকিৎসার পাশাপাশি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।
শোবিজ নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।