_copy7.webp)

ভারতের রিয়েলিটি শো তারকা উরফি জাভেদ আবারও বিতর্কে জড়িয়েছেন। মুম্বাইয়ে নিজের আবাসন সমিতির বিরুদ্ধে হয়রানির মারাত্মক অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী। তার দাবি, নিজের ফ্ল্যাটে বসে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও তৈরি করতেও বাধা দেওয়া হচ্ছে। গত মঙ্গলবার, ২৭ অক্টোবর, ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
অভিনেত্রীর ভাষ্যমতে, সন্ধ্যা ছয়টার পর বাসিন্দাদের অতিথি প্রবেশের নিয়ম নিয়ে আপত্তি জানিয়ে তিনি মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। এরপর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তার অভিযোগ, ফ্ল্যাটে আসা অতিথিদের কাছে ক্যামেরা বা শুটিংয়ের সরঞ্জাম রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে তাদের আটকে দেওয়া হচ্ছে। এমনকি অতিথিদের ব্যাগও তল্লাশি করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের উদ্দেশ্যে ভিডিও তৈরি করাকে বাণিজ্যিক কার্যক্রম হিসেবে আখ্যা দিয়ে আবাসন সমিতি তার ফ্ল্যাটে কনটেন্ট শুটিং নিষিদ্ধ করেছে। নিজের ব্যক্তিগত বাসস্থানে কনটেন্ট তৈরি ও নিয়ম আরোপের ক্ষেত্রে সমিতির এমন সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন উরফি। এর আগে সন্ধ্যা ছয়টার পর ফ্ল্যাটে অতিথি আনতে হলে বাড়ির মালিকের মাধ্যমে অনুমতি নেওয়ার নিয়ম করা হয়েছিল। সেই নিয়ম নিয়েই প্রথম আপত্তি জানিয়েছিলেন তিনি। পুলিশের সঙ্গে যোগাযোগ করার পর থেকেই তার ওপর চাপ বাড়ানো হচ্ছে বলে দাবি করেন অভিনেত্রী।
উরফির অভিযোগ, পুলিশের কাছে যাওয়ার পর আবাসন সমিতির সদস্যরা তার বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করে তাকে ফ্ল্যাট থেকে বের করে দেওয়ার অনুরোধ জানান। তবে বাড়িওয়ালা সেই অনুরোধে সাড়া দেননি। ইনস্টাগ্রাম স্টোরিতে উরফি লেখেন, এতে তাদের ভঙ্গুর পুরুষ-অহংকারে আঘাত লেগেছে। তারা আমার বাড়িওয়ালাকে আমাকে বের করে দিতে বলেছিলেন। তিনি রাজি হননি। তাই এখন চার-পাঁচজন পুরুষ আমাকে হয়রানি করতে এমন নিচু মানসিকতার কৌশল অবলম্বন করছেন। নিজের জন্য গর্ব হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
নিজের বাড়িতে কনটেন্ট তৈরি করা এবং অতিথিদের ব্যাগ তল্লাশি করার মতো ঘটনার তীব্র সমালোচনা করে উরফি প্রশ্ন তোলেন, ব্যক্তিগত বাসস্থানে এমন নিষেধাজ্ঞা কি আদৌ আইনসম্মত। তিনি লিখেছেন, অন্য সবাই নিজেদের বাড়িতে কনটেন্ট তৈরি করেন। এই নিয়ম আদৌ কীভাবে আইনসম্মত? নিজের বাড়িতে আমি কী করব, সেটা আমার ব্যক্তিগত বিষয়।
তবে উরফির এসব অভিযোগের বিষয়ে আবাসন সমিতির কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব না হওয়ায় বিধিনিষেধগুলোর আইনগত বৈধতা নিয়েও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
পেশাগত দিক থেকে সম্প্রতি সানি লিওন, করণ কুন্দ্রা ও নিয়া শর্মার সঙ্গে ‘স্প্লিটসভিলা এক্স৬’ রিয়েলিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে দেখা গেছে উরফিকে। আবাসন সমিতির সঙ্গে তার এই বিরোধের জেরে অতিথিদের প্রবেশাধিকার, বাসিন্দাদের ব্যক্তিগত স্বাধীনতা এবং নিজগৃহে কনটেন্ট তৈরির অধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: এবিপি লাইভ
শোবিজ নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।