home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কলকাতা উৎসবে বাংলাদেশের সিনেমা ‘বনলতা সেন’

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ২১:৩৮

Facebook
Twitter

কলকাতা উৎসবে বাংলাদেশের সিনেমা ‘বনলতা সেন’

এইতো কদিন আগেই খবর এলো, ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (১১ থেকে ১৮ ডিসেম্বর) মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে বাংলাদেশের মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা সেন’। আজ এলো আরেক সুখবর। এবার সিনেমাটি জায়গা করে নিলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসরে।

উৎসবটির এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) প্রতিযোগিতা বিভাগে লড়বে ‘বনলতা সেন’। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ উৎসব। একই আয়োজনের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে লড়বে বাংলাদেশের আরেক সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

‘বনলতা সেন’ নির্মিত হয়েছে কবি জীবনানন্দ দাশের কবিতা ও কল্পনার জগৎ থেকে অনুপ্রাণিত হয়ে। আর সেই সিনেমা প্রদর্শিত হবে কবির জীবনের বড় অংশ জুড়ে থাকা শহর কলকাতায়। তাই বিষয়টি সেখানকার দর্শকের জন্যও বিশেষ।

কলকাতায় ছবিটির প্রদর্শনী নিয়ে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানান, তার কাছে এই নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, জীবনানন্দ দাশের সাহিত্য ও স্মৃতির সঙ্গে কলকাতার মানুষের গভীর সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ‘জীবনানন্দ দাশের কবিতা থেকে অনুপ্রাণিত একটি চলচ্চিত্র কলকাতার দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাওয়াটা আমাদের জন্য বিশেষ আনন্দের। জীবনানন্দের সাহিত্য ও স্মৃতির সঙ্গে কলকাতার মানুষের যে গভীর সম্পর্ক, তাতে এখানে ছবিটি দেখানোর অনুভূতিও আলাদা। আমরা যেভাবে বনলতা সেনকে চলচ্চিত্রের পর্দায় তুলে ধরেছি, কলকাতার বাঙালি দর্শক সেটিকে কীভাবে গ্রহণ করেন, তা দেখার অপেক্ষায় আছি।’

এবারের কলকাতা উৎসবের ‘এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড)’ প্রতিযোগিতায় আটটি দেশ ও অঞ্চলের মোট নয়টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। ‘বনলতা সেন’ ছাড়াও এই বিভাগে রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত একাধিক ছবি। এশিয়ার স্বতন্ত্র ধারার চলচ্চিত্রকে স্বীকৃতি দেওয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে এসব ছবির পরিচিতি বাড়ানোর লক্ষ্যে কাজ করে নেটওয়ার্ক ফর দ্য প্রমোশন অব এশিয়ান সিনেমা (নেটপ্যাক)।

‘ঊনপঞ্চাশ বাতাস’-এর পর ‘বনলতা সেন’ মাসুদ হাসান উজ্জ্বলের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের চরিত্রে রয়েছেন খায়রুল বাসার এবং মহীন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, মাইমুনা ফেরদৌস মম ও শরীফ সিরাজ।

রেড অক্টোবর ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত এই ছবির সহপ্রযোজক গল্পরাজ্য ফিল্মসের আবু শাহেদ ইমন। চিত্রগ্রহণ করেছেন হৃদয় সরকার। ছবির দুটি গানের মধ্যে ‘এখানে কেউ নেই’-এর কথা, সুর, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। অন্যদিকে জীবনানন্দ দাশের কবিতা অবলম্বনে তৈরি ‘দুজন’ গানের সুর করেছেন মাসুদ হাসান উজ্জ্বল এবং কণ্ঠ দিয়েছেন দোলা রহমান।






অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।